মেহেরপুরে আ.লীগের নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শহীদুল ইসলাম ওরফে বাবলুকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার টুঙ্গী গোপালপুর গ্রামের টুপলার বিলের একটি সড়ক থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।মুজিবনগর থানা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে চার-পাঁচজন যুবক জরুরি কাজের কথা বলে টুঙ্গী গোপালপুর গ্রামের বাবলুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। আধাঘণ্টা পর তিনটি গুলি ও দুটি বোমা বিস্ফোরণের শব্দ শুনে পরিবারের লোকজন মুজিবনগর থানায় খবর দেয়। পরে বাড়ির সবাই বাবলুর খোঁজে বের হন। তবে শনিবার রাতে তাঁর খোঁজ মেলেনি। গতকাল ভোর ছয়টার দিকে স্থানীয় ব্যক্তিরা শহীদুলের লাশ তাঁর বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে টুপলার বিলের কাছে একটি সড়কে পড়ে থাকতে দেখে। তারাই শহীদুলের পরিবার ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। শহীদুলের হাত-পা দড়ি দিয়ে বাঁধা এবং গলা কাটা ছিল।শহীদুলের স্ত্রী ফেরদৌসী খাতুন জানান, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে শহীদুলের ভাগ্নি লাবনী আক্তারের শ্বশুরবাড়ির লোকজন এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। নিহতের চাচা ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মান্নান জানান, শহীদুল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। এ ছাড়া স্থানীয় টুপলার বিলের তত্ত্বাবধায়কের দায়িত্বেও ছিলেন তিনি। গ্রামের একটি মহল ওই বিল থেকে অবৈধ সুবিধা না পেয়ে শহীদুলের ওপর ক্ষুব্ধ ছিল। তারাই এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, পুলিশ টুঙ্গী গোপালপুর গ্রামের আবুল কালাম মোল্লা ও হ্যাবা ফকিরকে আটক করেছে। বিল নিয়ে দ্বন্দ্ব ও পারিবারিক দ্বন্দ্ব—এ দুটি বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে। ভাড়াটে চরমপন্থীদের দিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে মনে হচ্ছে। এ ব্যাপারে মামলা হয়েছে।