মেহেরপুরে আগামীকাল জামায়াতের আধা বেলা হরতাল
আগামীকাল রোববার মেহেরপুরে আধা বেলা হরতাল ডেকেছে স্থানীয় জামায়াতে ইসলামী। গত বৃহস্পতিবার জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিনে জেলার মুজিবনগরে হরতালকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে জামায়াতের এক কর্মী নিহত হন ও পাঁচজন গুলিবিদ্ধ হন। এ ঘটনার প্রতিবাদে দলটি গতকাল শুক্রবার বিকেলে এক বিবৃতিতে এ হরতালের ডাক দেয়।
এদিকে হরতালে জামায়াতের কর্মীদের হাতে পুলিশের দুই কর্মকর্তাসহ পাঁচ সদস্য আহত ও পুলিশের পিকআপ পুড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশ সদর ও মুজিবনগর থানায় দুটি মামলা করেছে।
বৃহস্পতিবার জামায়াতের ডাকা সারা দেশের হরতালে মেহেরপুরে পুলিশের সঙ্গে জামায়াতের কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। হরতালকারীরা পুলিশের পিকআপ ভ্যান আগুনে পুড়িয়ে দেয়। মুজিবনগরের গৌরীনগর ও সদর উপজেলার বন্দর সড়কে এই সংঘর্ষে পুলিশের গুলিতে দেলোয়ার হোসেন (৩৪) নামের জামায়াতের এক কর্মী মারা যান। এ সময় জামায়াতের কর্মীদের হাতে থাকা ধারালো অস্ত্র ও ইটের আঘাতে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, উপপরিদর্শক (এসআই) শামসুল মান্নানসহ পুলিশের পাঁচ সদস্য জখম হন। এর মধ্যে গুরুতর আহত রবিউল ইসলাম ও শামসুল মান্নানকে ঢাকায় পাঠানো হয়েছে।
মুজিবনগর থানার উপপরিদর্শক মধুসূদন কুমার জানান, ওসিসহ পুলিশের পাঁচ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার ঘটনায় তিনি বাদী হয়ে একটি মামলা করেছেন। এতে জামায়াতের ৯১ জনের নামসহ অজ্ঞাতনামা দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মেহেরপুর থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, বন্দর গ্রামে পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় উপপরিদর্শক কামাল হোসেন বাদী হয়ে জামায়াতের ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন।