মেহেরপুরে আগুনে পুড়েছে তিন বিঘা পানের বরজ
মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মাঠে গতকাল শুক্রবার দুপুরে আগুনে পুড়ে গেছে তিন বিঘা জমির পানের বরজ।
থানা-পুলিশ ও কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় কৃষকেরা মাঠে একটি পানের বরজে আগুনের ধোঁয়া দেখতে পান। এই ধোঁয়া একপর্যায়ে আগুনে রূপ নেয়। স্থানীয় লোকজন মেহেরপুর ফায়ার সার্ভিসে খবর দেন। বরজে যাওয়ার কোনো রাস্তা না থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে গ্রামের স্থানীয় বাসিন্দারা এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পাশাপাশি তিনটি বরজে তিন বিঘা জমির পান ও পাটকাঠি ভস্মীভূত হয়ে যায়।
আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন কিছুই জানাতে পারেননি। তবে পানের বরজের মালিক আহাম্মদ আলী, কাঠু মিয়া, মিয়ারুল ইসলাম জানান, তাঁদের ধারণা, আগের কোনো বিরোধের জের ধরে গোপনে
কেউ আগুন লাগাতে পারে। এতে তাঁদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।