মেহেরপুরে আজ আধা বেলা হরতাল ডেকেছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের গুলিতে এক কর্মী নিহত ও পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে জামায়াতে ইসলামী আজ রোববার মেহেরপুর জেলায় আধা বেলা হরতাল ডেকেছে। জেলা জামায়াতের দায়িত্বপ্রাপ্ত আমির সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ফারুক হোসেন গত শুক্রবার সন্ধ্যায় এ হরতালের ঘোষণা দেন।
এদিকে হরতালে জামায়াতের কর্মীদের হাতে পাঁচ পুলিশ সদস্য আহত ও পুলিশের পিকআপ পুড়িয়ে দেওয়ার ঘটনায় সদর ও মুজিবনগর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
মুজিবনগর থানার উপপরিদর্শক (এসআই) মধুসূদন কুমার জানান, গৌরীনগরে ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় তিনি বাদী হয়ে মামলা করেছেন। এতে জামায়াতের ৯১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, সদর উপজেলার বন্দর গ্রামে পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় এসআই কামাল হোসেন বাদী হয়ে জামায়াতের ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন।
জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন গত বৃহস্পতিবার পুলিশের সঙ্গে জামায়াতের কর্মীদের সংঘর্ষ হয়।