মেহেরপুরে আদালতে দুজনের অভিযোগ, তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে আদালতে দুই ব্যক্তি গতকাল বৃহস্পতিবার বলেছেন, টাকা না দেওয়ায় জামিনে মুক্তির পর তাঁদের কারা ফটক থেকে পুলিশ আটক করে হত্যা মামলায় আদালতে চালান দিয়েছে। অন্য ছয়জনকে অর্থের বিনিময়ে ছেড়ে দিয়েছে।
আদালত বিষয়টি আমলে নিয়ে দোষীদের খুঁজে বের করে তাঁদের নামোল্লেখসহ তদন্ত প্রতিবেদন ২২ এপ্রিল দাখিলের জন্য মেহেরপুরের সিআইডিকে নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, মেহেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ২ নম্বর আমলি আদালতের বিচারক মো. মতিয়ার রহমানের কাছে গতকাল পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ করেন হত্যা মামলায় হাজির করা আয়নাল হক ও সাইফুল ইসলাম। আয়নাল জেলার গাংনী উপজেলার খাসমহল গ্রামের মৃত আলম মণ্ডলের ছেলে এবং সাইফুল বানিয়াপুকুর গ্রামের দেলজার হোসেনের ছেলে। আদালত সূত্র জানায়, আদালতে আয়নাল বলেন, পুলিশ সন্দেহমূলকভাবে তাঁকে আটক করে জিআর-৭৬৭ ও ৭৮৪/১৩ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়। এক মাস কারাভোগের পর তিনি গত মঙ্গলবার জামিন পান। বুধবার বেলা ১১টায় জামিনে মুক্তি পেলে সাদা পোশাকধারী পাঁচ-সাতজন ডিবি পুলিশ কারাগারের প্রধান ফটক থেকে তাঁকেসহ আটজনকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়। সেখানে নানাভাবে নির্যাতনের পর টাকা দিতে ব্যর্থ হলে তাঁকেসহ তিনজনকে গভীর রাতে সদর থানায় নেয়। পরে গাংনী পুলিশ জিআর-৮০৯/১৩ গাংনীর নুরুল আমিন হত্যা মামলায় তাঁদের দুজনকে আদালতে সোপর্দ করে। তিনি বলেন, তিনি কৃষক, ৩০ হাজার টাকা পাবেন কোথায়? সাইফুলও একই ধরনের বক্তব্য দিয়ে আদালতে বলেন, তাঁকে ছেড়ে দিতে পুলিশ ২০ হাজার টাকা চেয়েছিল।
আদালত বলেন, আসামিদের বিবৃতিতে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ স্পষ্ট। যেহেতু চাঁদা চাওয়া পুলিশ সদস্যরা সাদা পোশাকধারী এবং আসামিরা তাদের চেনে না, তাই বিষয়টি তদন্ত হওয়া আবশ্যক। আটকের ২৪ ঘণ্টার মধ্যে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করার বিধান। কিন্তু মেহেরপুরে আটক ব্যক্তিকে দু-তিন দিন ডিবি কার্যালয়ে অথবা থানায় বন্দী রেখে, দফারফা শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে। বিভিন্ন মামলার নথি পর্যালোচনায় আদালতের কাছে তা প্রতীয়মান হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী কামরুল ইসলাম দুই আসামির বক্তব্য দেওয়ার এবং আদালতের নির্দেশের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।
গতকাল প্রথম আলোয় ‘১০১ পুলিশের আটক-বাণিজ্য, আয় দেড় কোটি’ শিরোনামে প্রকাশিত প্রধান প্রতিবেদনের বড় অংশজুড়ে ছিল মেহেরপুরের পুলিশের বিরুদ্ধে ‘আটক-বাণিজ্যের’ অভিযোগ।