মেহেরপুরে উপজেলা চেয়ারম্যান লাঞ্ছিত
মেহেরপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত হয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। মহিলা ভাইস চেয়ারম্যানকে ‘থার্ড ক্লাস মহিলা’ বলে মন্তব্য করায় তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে পুরুষ ভাইস চেয়ারম্যান বিষয়টিতে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।ঘটনার প্রত্যক্ষদর্শী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আবদুল মালেক মোল্লার বর্ণনা অনুযায়ী, গতকাল রোববার দুপুরে তিনি মাসিক ভাতা বিল স্বাক্ষরের জন্য চেয়ারম্যানের কক্ষে যান। এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদের কক্ষে ঢুকে উচ্চ স্বরে চেয়ারম্যানকে উদ্দেশ করে বলেন, ঈদের আর মাত্র কদিন বাকি। অথচ এখনো মাসিক ভাতা বিলে স্বাক্ষর হয়নি কেন? এখনই ভাতা বিলে সই করে উঠবেন। তাঁর এ আচরণে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান তাঁকে ‘থার্ড ক্লাস মহিলা’ বলেন। এতে মহিলা ভাইস চেয়ারম্যান রেগে গিয়ে চেয়ারম্যানকে ‘থার্ড ক্লাস চেয়ারম্যান’ বলে মন্তব্য করেন এবং টেনে তাঁর শার্ট ছিঁড়ে ফেলেন। এ সময় তিনি (মালেক) উভয়কে বিছিন্ন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।জানতে চাইলে মহিলা ভাইস চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, ‘থার্ড ক্লাস মহিলা বলায় মাথা ঠিক ছিল না। চেয়ারম্যানের যেমন আমাকে থার্ড ক্লাস মহিলা বলা ঠিক হয়নি, তেমনি আমারও চেয়ারম্যানের কলার ধরে শার্ট ছিঁড়ে ফেলা ঠিক হয়নি।’