মেহেরপুরে এক রাতে তিন বাড়িতে ডাকাতি
মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামে গতকাল শুক্রবার ভোররাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় দুই নারী আহত হয়েছেন। বোমা ফাটিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী কুরবান আলী (৪০) নামের এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছেন।এলাকাবাসী জানান, গতকাল ভোররাত চারটার দিকে ১০-১২ জন অস্ত্রধারী ডাকাত প্রথমে বামনপাড়া গ্রামের মেছের মীরের ছেলে খেদের মীর ও আবদুর রশিদের ছেলে জান্নাত আলীর বাড়িতে ঢোকে। ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ ৪০ হাজার টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে। বাধা দিতে গেলে ডাকাতদের অস্ত্রের আঘাতে আবদুর রশিদের স্ত্রী হাসিনা খাতুন (৫০) ও মেছের মীরের স্ত্রী পারভীনা খাতুন (৩০) জখম হন। পরে ডাকাতেরা একই গ্রামের নাছের আলীর বাড়িতে ঢুকে একই কায়দায় বাড়ির মূল্যবান সামগ্রী ও নগদ টাকা লুট করে। ডাকাতরা বোমা বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী কুরবান আলী নামের একজনকে ধরে ফেলে। পরে তাকে পুলিশে দেওয়া হয়। আহত লোকজনকে ওই রাতেই মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, একটি নতুন ও বহিরাগত ডাকাত দল এ ঘটনা ঘটাচ্ছে। তাই প্রকৃত ডাকাতদের চিহ্নিত করতে পারছে না পুলিশ। তবে গ্রামবাসীর হাতে আটক ডাকাতকে জিজ্ঞাসাবাদ করে দলের অন্যদের নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চালাবে পুলিশ। পুলিশ জানায়, আটক কুরবান আলীর বাড়ি গাংনী উপজেলার খড়মপুর গ্রামে। তিনি ওই গ্রামের কাজিমুদ্দিনের ছেলে। জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়ায়েছ আলী হত্যা মামলায় তিনি দীর্ঘদিন কারাভোগ করে সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। উপজেলার আমদহ গ্রামে শ্বশুড়বাড়িতে থাকতেন তিনি। মেহেরপুরের পুলিশ সুপার মো. শাহরিয়ার জানান, ডাকাতির সঙ্গে জড়িত লোকজনকে চিহ্নিত করতে পুলিশ মাঠে নেমেছে।