মেহেরপুরে এক সপ্তাহে করোনা ও উপসর্গে ৪৪ জনের মৃত্যু
কঠোর লকডাউনেও করোনা সংক্রমণ বেড়ে চলেছে মেহেরপুরে। এক সপ্তাহে এ জেলায় করোনায় ১৭ জনের ও উপসর্গে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৬ জুন থেকে এক সপ্তাহে ১ হাজার ২২২টি নমুনা পরীক্ষার ফলাফলে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮১ জন।
মেহেরপুরের শহর ও বিভিন্ন গ্রামগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, অনেকেই জ্বরে ভুগছেন। ফার্মেসিগুলোতেও জ্বর ও ঠান্ডা–কাশির ওষুধ বেশি বিক্রি হচ্ছে। এরপরও অনেকে করোনার পরীক্ষা করাচ্ছেন না। এ ছাড়া স্বাস্থ্যবিধি মানতেও অনীহা রয়েছে অনেকের। মাস্ক ছাড়াই এখানে–সেখানে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। পুলিশ অভিযান চালালে মাস্ক পরেন, চলে গেলে আবার খুলে ফেলেন।
সরেজমিনে আজ রোববার সকালে জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গিয়ে দেখা যায়, বারান্দাতেও রোগীরা শয্যা বিছিয়ে চিকিৎসা নিচ্ছেন। গাংনী উপজেলা থেকে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছেন মেছের আলী (৬৫)। শ্বাসকষ্টের জন্য তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। জানতে চাইলে তাঁর মেয়ে হামিদা খাতুন প্রথম আলোকে বলেন, ‘গত বুধবার বাড়ির সবার সর্দি–জ্বর হয়। আবহাওয়া বদলাচ্ছে এ কারণে মৌসুমি জ্বর মনে করে গ্রাম্য চিকিৎসকের কাছ থেকে জ্বর–সর্দির ওষুধ নিয়ে খাওয়ানো হয়। কিন্তু গত রাতে হঠাৎ আব্বার শ্বাসকষ্ট শুরু হয়। আজ সকালে হাসপাতালে ভর্তি করিয়েছি।’
হাসপাতালের করোনা ইউনিটের করোনা ওয়ার্ডে সদরের রাধাকান্তপুর গ্রামের জামান উদ্দিনের স্ত্রী নিলুফা ইয়াসমিন (৬০), এর এক ঘণ্টা পর সদরের গোপালপুর গ্রামের আবুল কাশেমের স্ত্রী নূরুনাহার (৭০) ও উপসর্গ নিয়ে রহিমা খাতুনের (৬৫) মৃত্যু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক নারী চিকিৎসক বলেন, হাসপাতালে গত শনিবার থেকে পা ফেলার জায়গা পাওয়া যাচ্ছে না। সকাল থেকে রাত ৮টা পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে রোগীরা একের পর এক ভর্তি হচ্ছেন। এভাবে রোগীর চাপ থাকলে হাসপাতালে জায়গা দেওয়া সম্ভব হবে না।
জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম বলেন, হাসপাতালে ৫০টি শয্যাকে করোনা ডেডিকেটেড হিসেবে রাখা হয়েছিল, তা বৃদ্ধি করে শনিবার থেকে ১০০টি শয্যায় উন্নীত করা হয়েছে। শনিবার বেলা ১টা পর্যন্ত ৪৯ জন করোনা পজিটিভ এবং ৫৭ জন উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি রয়েছেন। শয্যা না পেয়ে অনেক রোগীকে বারান্দায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলা সিভিল সার্জন নাসির উদ্দীন বলেন, স্বাস্থ্যবিধি মেনেই আমাদের এই মহামারি মোকাবিলা করতে হবে। হাসপাতালে চিকিৎসকের অভাব রয়েছে। ১০ জন চিকিৎসক চেয়ে খুলনা বিভাগীয় কার্যালয়ে চিঠি লেখা হয়েছে। প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও গণমাধ্যমকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় মোকাবিলা করতে হবে।