মেহেরপুরে এক সপ্তাহে ১৯০০ মণ আম ধ্বংস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রসালো ও সুস্বাদু বলে খ্যাত মেহেরপুরের আম এবার ‘বিষাক্ত’ করে পাঠানো হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। গত এক সপ্তাহে মেহেরপুরের বিভিন্ন বাগানে ও আড়তে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত প্রায় এক হাজার ৯০০ মণ ‘বিষাক্ত’ আম আটক করে পুড়িয়ে দিয়েছেন। এ সময় কয়েকজন ব্যবসায়ী ও বাগানমালিককে জরিমানা করা হয়।মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ১০ বছর ধরে জেলায় ছোট-বড় প্রায় তিন হাজার বাগান হয়েছে। জেলায় আমগাছ রয়েছে প্রায় দেড় লাখ। মুকুল থেকে বড় হওয়া পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ছিটিয়ে একসময়ের বিশুদ্ধ, রসালো, সুস্বাদু আমকে বিষাক্ত করা হচ্ছে।মুজিবনগরের কেদারগঞ্জ এলাকার একজন বাগানমালিক জানান, আম দ্রুত বাজারজাত করতে পারলে লাভ বেশি হয়। তাই বিবেকের কাছে খারাপ লাগলেও অন্যের দেখাদেখি তিনিও আমে রাসায়নিক মেশান। মেহেরপুর সদর উপজেলার বাগানমালিক সফিউল হক জানান, আম একটু বড় হলে গাছে হরমোন ছিটানো হয়। এতে আম পুষ্ট হওয়ার আগেই দ্রুত বড় হয়। এরপর কার্বাইড মিশিয়ে পাকিয়ে বাজারজাত করা হয়।ভ্রাম্যমাণ আদালত গত রোববার বিভিন্ন বাগানে অভিযান চালিয়ে রাসায়নিক-মিশ্রিত ৯০ মণ আম এবং ঢাকায় নেওয়ার সময় আমভর্তি চারটি ট্রাক মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করেন। পরে আটক আম পুড়িয়ে ধ্বংস করা হয়। এর আগে ২৭ মে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদুর রহমানের ভ্রাম্যমাণ আদালত কোমরপুর গ্রামের একটি বাগান থেকে ৮০ মণ আম জব্দ করে পুড়িয়ে দেন। বাগানমালিক মিসকিন আলীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ২৫ মে মেহেরপুর শহরের কাথুলী সড়কের একটি বাগানে অভিযান চালিয়ে আদালত কার্বাইডমিশ্রিত ৭০ মণ আম জব্দ ও ধ্বংস করেন। এ সময় ব্যবসায়ী তহিদুল ইসলাম ও আজাহার উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে গত সাত দিনে মেহেরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত কার্বাইড ও বিষাক্ত রাসায়নিক-মিশ্রিত প্রায় ৩০০ মণ আম জব্দ ও ধ্বংস করেন।মেহেরপুরের সিভিল সার্জন আবদুস শহীদ বলেন, বিষাক্ত এসব রাসায়নিক-মিশ্রিত আম খেলে মানবদেহের স্নায়ুতন্ত্র, হূদ্যন্ত্রসহ পাকস্থলীতে জটিল রোগ হতে পারে। একশ্রেণীর বাগানমালিক, ব্যবসায়ী ও চাষি বেশি মুনাফার লোভে বিবেকবর্জিত এমন কুকর্ম করে থাকেন। এসব প্রতিরোধে আরও কঠোর ও শাস্তিযোগ্য আইন দরকার। সাতক্ষীরা থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, কালীগঞ্জ উপজেলার নলতা গ্রামের ব্যবসায়ী শাজাহান কারিগর। নলতা মদ্রাসাসংলগ্ন একটি ভবনে অভিযান চালান উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আবদুস সোবহান। এ সময় তিনি শাজাহানের প্রায় ২০ মণ ওজনের ২০ ঝুড়ি আম জব্দ করেন। সেখানে আরও ১৫৮ কার্টন ভারতীয় এবং স্থানীয় জাতের ৪০ ঝুড়ি আম রসায়নিক মিশ্রণের জন্য রাখা ছিল। পরবর্তী সময়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে রসায়নিক-মিশ্রিত ২০ ঝুড়ি আম তিনি পুড়িয়ে ফেলেন। ভবিষ্যতে আর ফলে বিষাক্ত রসায়নিক ব্যবহার করবেন না মর্মে অঙ্গীকার করায় বাকি ২০ মণ আম ফেরত দেওয়া হয়।