মেহেরপুরে এক সপ্তাহে ৩০০ মণ আম ধ্বংস
রসাল ও সুস্বাদু বলে খ্যাত মেহেরপুরের আম এবার ‘বিষাক্ত’ করে পাঠানো হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। গত এক সপ্তাহে মেহেরপুরের বিভিন্ন বাগান ও আড়তে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত প্রায় ৩০০ মণ বিষাক্ত আম আটক করে পুড়িয়ে দিয়েছেন। এ সময় অভিযুক্ত ব্যবসায়ী ও বাগানের মালিকদের জরিমানা করা হয়।মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, গত ১০ বছরে জেলায় ছোট-বড় প্রায় তিন হাজার বাগান হয়েছে। জেলায় আমগাছ রয়েছে প্রায় দেড় লাখ। কিন্তু মুকুল থেকে বড় হওয়া পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ছিটিয়ে একসময়ের বিশুদ্ধ, রসাল ও সুস্বাদু আম বিষাক্ত করা হচ্ছে।মুজিবনগরের কেদারগঞ্জ এলাকার বাগানের একজন মালিক জানান, আম দ্রুত বাজারজাত করতে পারলে লাভ বেশি হয়। তাই বিবেকের কাছে খারাপ লাগলেও অন্যের দেখাদেখি তিনিও আমে রাসায়নিক দ্রব্য মেশান। মেহেরপুর সদর উপজেলার এক বাগানের মালিক সফিউল হক জানান, আম একটু বড় হলে গাছে হরমোন ছিটানো হয়। এতে আম পুষ্ট হওয়ার আগেই দ্রুত বড় হয়। এরপর কার্বাইড মিশিয়ে পাকিয়ে বাজারজাত করা হয়।রাসায়নিক ও কার্বাইড মিশ্রিত বিষাক্ত আম বাজারজাত করার সময় ২৭ মে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদুর রহমানের ভ্রাম্যমাণ আদালত কোমরপুর গ্রামের একটি বাগান থেকে ৮০ মণ আম জব্দ করে পুড়িয়ে দেন। বাগানের মালিক মিসকিন আলীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ২৫ মে মেহেরপুর শহরের কাথুলী সড়কের একটি বাগানে অভিযান চালিয়ে আদালত কার্বাইড মিশ্রিত ৭০ মণ আম জব্দ ও ধ্বংস করে। এ সময় ব্যবসায়ী তহিদুল ইসলাম ও আজাহার উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে গত সাত দিনে মেহেরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত কার্বাইড ও বিষাক্ত রাসায়নিক দ্রব্য মিশ্রিত প্রায় ৩০০ মণ আম জব্দ ও ধ্বংস করেন।মেহেরপুরের সিভিল সার্জন আবদুস শহীদ বলেন, বিষাক্ত রাসায়নিক দ্রব্য মিশ্রিত এসব আম খেলে মানবদেহে, বিশেষ করে স্নায়ুতন্ত্র, হূদ্যন্ত্রসহ পাকস্থলীতে জটিল রোগ হতে পারে। এক শ্রেণীর বাগানমালিক, ব্যবসায়ী ও চাষি বেশি মুনাফার লোভে বিবেকবর্জিত এমন কুকর্ম চালিয়ে যাচ্ছে। এর প্রতিরোধে আরও কঠোর ও শাস্তিযোগ্য আইন দরকার।