মেহেরপুরে একটি টিকিটও পায়নি সাধারণ মানুষ!
মেহেরপুরে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত দুই দিনে মেহেরপুর অগ্রণী ব্যাংকের প্রধান শাখার সব টিকিট তাঁরা জোর করে কিনে নিয়ে গেছেন। এ কারণে সাধারণ মানুষ একটি টিকিটও পায়নি।এ নিয়ে গতকাল সোমবার ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সঙ্গে ব্যাংক কর্মকর্তাদের বাগিবতণ্ডা হয়েছে। একপর্যায়ে ব্যাংক কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, মেহেরপুরে অগ্রণী ব্যাংকের প্রধান শাখার অর্থ লেনদেনের কাউন্টারের ভেতরে জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম ও শহর যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দলীয় ক্যাডারদের নিয়ে অবস্থান করছেন। তাঁরা বিভিন্ন জনের নামে কাগজপত্র জমা দিয়ে টিকিট নিয়ে নিচ্ছেন। অন্যদিকে দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করা লোকজন টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছে। এভাবে জোর করে সব টিকিট নিয়ে নেওয়ার বিরুদ্ধে ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মীর মখলেছুর রহমান ক্ষোভ প্রকাশ করলে যুবলীগের নেতারা তাঁকে লাঞ্ছিত করেন।এ ব্যাপারে ব্যাংক কর্মকর্তা মখলেছুর রহমান বলেন, যুবলীগের নেতারা ভুয়া কাগজপত্র দাখিল করে সব টিকিট নিয়ে নিচ্ছেন। এ কারণে ব্যাংকের স্টাফরা পর্যন্ত তাঁদের আত্মীয়স্বজনের জন্য একটি টিকিটও কিনতে পারছেন না। এর প্রতিবাদ করায় যুবলীগের নেতারা তাঁকে লাঞ্ছিত করেন। এ সময় পুলিশ নির্বিকার ভূমিকা পালন করেছে বলে তিনি অভিযোগ করেন।জানতে চাইলে জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম প্রথম আলোকে বলেন, ‘দলের অনেক নেতার পক্ষে টিকিট নিতে এসেছি।’ শহর যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘দলের নেতাদের টিকিট নিতে ব্যাংকের ভেতরে বসে আছি।’ এ ব্যাপারে কথা বলার জন্য মেহেরপুর-১ (সদর) আসনের সাংসদ জয়নাল আবেদীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। ক্রিকেটপ্রেমী শহরের বাসিন্দা মিয়ারুল ইসলাম বলেন, ‘আমি ১ জানুয়ারি থেকে লাইনে দাঁড়িয়েছি। কিন্তু একটি টিকিটও পাইনি।’ তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের নেতারা টিকিট কিনে নিয়ে তা দলের ছেলেদের মধ্যে বিক্রি করছেন।অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক রমজান আলী জানান, টিকিট বিক্রির প্রথম দিনে ২৬৪টি টিকিট বিক্রি হয়েছে। কাল বিক্রি হয়েছে ১৯৬টি। সবগুলো টিকিট যুবলীগের নেতারা নিয়ে গেছেন। তিনি বলেন, যুবলীগের নেতারা ব্যাংকের ভেতরে অবস্থান করে টিকিট নিয়ে যাচ্ছেন। তাঁদের হুমকির কারণে লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের মধ্যে টিকিট বিক্রি বন্ধ আছে। ব্যাংক ব্যবস্থাপক বলেন, গোলযোগ এড়াতে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।