মেহেরপুরে ককটেল বিস্ফোরণে আহত ১
মেহেরপুর শহরের একটি ভাঙারি দোকানের সামনে গত রোববার রাত সাড়ে আটটার দিকে কুড়িয়ে পাওয়া জর্দার কৌটা বিস্ফোরিত হয়ে জাকিরুল ইসলাম (২৯) নামের এক তরুণ আহত হয়েছেন। তিনি গাংনী উপজেলার দীঘলকান্দি গ্রামের আরজ আলীর ছেলে।মেহেরপুর শহরের কাথুলী সড়কে ভাঙারি ব্যবসায়ী আবদুল মান্নান জানান, জাকিরুল প্রতিদিনের মতো রোববার রাতে ভাঙারি মালামাল বিক্রি করতে দোকানে আসেন। তিনি বস্তার মধ্য থেকে কয়েকটি জর্দার কৌটা বের করার সময় বিকট শব্দে একটি কৌটা বিস্ফোরিত হয়। এতে জাকিরুলের ডান হাত ও কান ঝলসে যায়।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে তাজা পাঁচটি ককটেল উদ্ধার করেছে। এগুলো থানায় এনে পানিভর্তি বালতিতে রেখে নিষ্ক্রিয় করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মান্নানকে আটক করা হয়েছে। আহত জাকিরুল পুলিশি হেফাজতে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।