মেহেরপুরে করোনা ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু
মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুজন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজন ও বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫১। জেলা স্বাস্থ্য অধিদপ্তর আজ বুধবার এসব তথ্য নিশ্চিত করেছে।
জেলায় গত ২৪ ঘণ্টায় ১৪২ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪৬ দশমিক ৪৭ শতাংশ। এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯২৩।
মেহেরপুরে জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মখলেছুর রহমান বলেন, সামাজিক প্রতিবন্ধকতার কথা ভেবে অনেকে রোগ গোপন করে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। সে কারণে অনেক ক্ষেত্রে সঠিক চিকিৎসা মিলছে না। আবার একদম শেষ সময়ে রোগীদের হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তখন আর দায়িত্বরত চিকিৎসকদের কিছুই করার থাকছে না। তাই করোনার উপসর্গ দেখামাত্র করোনা পরীক্ষা করতে হবে।
জেলা সিভিল সার্জন নাসির উদ্দীন বলেন, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে জেলা স্বাস্থ্য অধিদপ্তর একেবারে গ্রামপর্যায়ে করোনা পরীক্ষার ব্যবস্থা করেছে। তারপরও করোনার উপসর্গ দেখা দিলে মানুষের মধ্যে পরীক্ষা না করানোর মানসিকতা রয়েছে। এতে করোনা দ্রুত ছড়িয়ে পড়ছে। মানুষের সচেতনতা বৃদ্ধি ছাড়া করোনা প্রতিরোধ করা সম্ভব হবে না।