মেহেরপুরে করোনা ও উপসর্গ নিয়ে তিন মুক্তিযোদ্ধাসহ পাঁচজনের মৃত্যু
মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজন ও করোনা উপসর্গ নিয়ে বাড়িতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। জেলার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য নিশ্চিত করেছে।
আজ মঙ্গলবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সদর উপজেলার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবুল হায়াতের মৃত্যু হয়। এ ছাড়া গাংনী উপজেলার বীর মুক্তিযোদ্ধা নাজের আলী (৬৫) ও বীর মুক্তিযোদ্ধা রওশন আলী (৭০) করোনা উপসর্গ নিয়ে বাড়িতে মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া অন্য দুজন হলেন মেহেরপুর অক্সফোর্ড কিন্ডারগার্টেনের শিক্ষিকা শাম্মি আক্তার রানি (৪৫) ও গাংনী উপজেলা জাহিদা খাতুন (৬০)।
জেলা স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১০৫ জনের নমুনা পরীক্ষা করে ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় জেলায় শনাক্তের হার ৮০ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের ৪০ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ৩২ জন রোগী ভর্তি আছেন। এ ছাড়া আইসোলেশনে আছেন আরও ১০ জন। মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মখলেছুর রহমান বলেন, করোনা ইউনিটে প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। অনেকে একেবারে শেষ সময়ে এসে ভর্তি হচ্ছেন। এ কারণে অনেক সময় তাঁদের পর্যাপ্ত চিকিৎসা দিয়েও বাঁচানো সম্ভব হচ্ছে না। আজ সারা দিনে তিনজন রোগী হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। আরও চারজন রোগী আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
জেলার সিভিল সার্জন মো. নাসির উদ্দীন বলেন, সচেতনতার অভাব ও স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে করোনায় আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার দিয়ে নিজ নিজ এলাকায় দাফন করা হয়েছে।