মেহেরপুরে ক্রীড়াবিদদের মানববন্ধন
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার দুর্নীতির প্রতিবাদে ও দ্রুত নির্বাচনের দাবিতে গত শনিবার জেলার ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়েরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলনে ক্রীড়া সংগঠক, ফুটবল, ক্রিকেট, ভলিবল, হাডুডু, ভারোত্তোলনকারী খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন। এ সময় লিখিত বক্তব্য পড়েন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক কল্যাণ সমিতির আহ্বায়ক জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সালেহ উদ্দিন আহামেদ। পরে মেহেরপুর প্রেসক্লাবের সামনে আধা ঘণ্টাব্যাপী এক মানববন্ধন হয়।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, তিন মাসের জন্য গঠিত অ্যাডহক কমিটি তিন বছর ধরে দায়িত্ব পালন করছে। এতে সংস্থাটি সম্পর্কে মামা-ভাগনে এমন দুই ব্যক্তির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সংস্থার বর্তমান কমিটিতে সদস্যসচিব হিসেবে আছেন জেলা আওয়ামী লীগের সদস্য ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশের (বিএটিবি) শ্রমিক সর্দার আতাউল হাকিম (মামা) ও সদস্য হিসেবে আছেন জীবন বীমা করপোরেশনের কর্মকর্তা আনোয়ারুল হক (ভাগনে)। তারা সংস্থার সাধারণ নির্বাচনকে বিলম্বিত করতে ষড়যন্ত্র করছেন।