মেহেরপুরের আমঝুপি সরকারি খাদ্যগুদাম থেকে গম পাচারের ঘটনায় খাদ্যগুদামের নিয়ন্ত্রক ইসমত জাহানই জড়িত। তিনিই গুদামের ১৮৪ বস্তা গম বিক্রি করেছিলেন স্থানীয় এক ব্যবসায়ীর কাছে। এ ঘটনায় আরও জড়িত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা খাদ্যনিয়ন্ত্রক রফিজ উদ্দিন, সদর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক লিয়াকত আলী ও আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন।গম পাচার ও উদ্ধারের ঘটনা জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির তদন্তে এসব জানা গেছে। গত মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন এক সদস্যের তদন্ত কমিটির প্রধান মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন।প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্যগুদাম নিয়ন্ত্রক ইসমত জাহানের নির্দেশেই সরকারি গম বিক্রির উদ্দেশ্যে পাচার করা হয়েছিল। তদন্তে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এবং উদ্ধার করা গমের বস্তার নম্বরসহ পাচারের যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া তদন্তে গুদামে সংরক্ষিত খাদ্যের পরিমাণেও গরমিল পাওয়া গেছে। গুদামের শ্রমিক ও যে গাড়িতে করে গম পাচার করা হয়েছিল, সেই গাড়ির চালকেরা জানিয়েছেন, ৫ জুলাই গুদামনিয়ন্ত্রকের নির্দেশে তাঁরা ১৮৪ বস্তা গম গুদাম থেকে বের করে আমঝুপি ইউনিয়নের হিজুলী গ্রামের জয়নাল আবেদীনের গুদামে লুকিয়ে রাখেন। ইমান আলী নামের এক ব্যবসায়ীর কাছে গমগুলো বিক্রি করেছিলেন গুদামনিয়ন্ত্রক। এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন গমগুলো উদ্ধার করা হয়।তদন্ত কর্মকর্তা মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন জানান, গম উদ্ধারের ঘটনা জানাজানির পরপরই খাদ্যগুদাম সিল করে দেওয়া হয়। গত রবি ও সোমবার গুদামে সংরক্ষিত খাদ্যের পরিমাণ যাচাই করা হয়। এতে ১৮৪ বস্তা গম পাচার ছাড়াও বাড়তি পাঁচ বস্তা গম কম পাওয়া গেছে। গম পাচারের এই ঘটনার সঙ্গে ইসমত জাহান ছাড়াও ভারপ্রাপ্ত জেলা খাদ্যনিয়ন্ত্রক রফিজ উদ্দিন, সদর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক লিয়াকত আলী ও আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন জড়িত ছিলেন বলে তদন্তে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে গুদামনিয়ন্ত্রক ইসমত জাহান প্রথম আলোকে বলেন, ‘আমি যা কিছু করেছি, তা স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ উপজেলা ও জেলা খাদ্যনিয়ন্ত্রকদের চাপেই করেছি। অথচ এখন সব দায় আমার ওপর পড়ছে।’ সদর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক লিয়াকত আলী দাবি করেন, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন না।