মেহেরপুরে চরমপন্থী নেতা হবি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনের বেলা বাসশ্রমিক, আর রাত হলেই অপরাধজগতে পদচারণ! সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসা—এসবই তাঁর মূল পেশা। মেহেরপুরের অপরাধজগতের ছদ্মবেশী সম্রাট হবিবুর রহমান হবি (৪০) অবশেষে র‌্যাবের হাতে ধরা পড়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে র‌্যাবের অভিযানে গাংনী উপজেলায় নিজ বাড়িতে অস্ত্র, গুলি, সহস্রাধিক বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হয়েছেন তিনি।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী এবং পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, গাংনী থানায় অর্ধডজন মামলার আসামি হবি উপজেলার বামুন্দী ইউনিয়নের নিশিপুর গ্রামের বিশারদ ওরফে ভজা সর্দারের ছেলে। বাবার সঙ্গে তিনি শ্রমিক হিসেবে কাজ করতেন। এর আড়ালেই তিনি জড়িয়ে পড়েন অপরাধমূলক কর্মকাণ্ডে। নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টিতে (এমএল-জনযুদ্ধ) যোগ দিয়ে আঞ্চলিক প্রধানের দায়িত্ব নেন।বিগত বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলের শেষ দিকে নিজেই গড়ে তোলেন একটি সন্ত্রাসী বাহিনী, যা হবি বাহিনী নামে পরিচিত। পরবর্তী সময়ে সরকার পরিবর্তনের সঙ্গে তিনিও দল বদল করে আওয়ামী লীগে যোগ দেন। বর্তমানে তিনি নিশিপুর গ্রাম শাখা আওয়ামী লীগের সভাপতি এবং বামুন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।র‌্যাব-৬ মেহেরপুর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাজিবুল হাসান বলেন, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব সদস্যরা সন্ত্রাসী হবির নিজ বাড়ি ঘিরে ফেলেন। এ সময় তাঁকে ঘুমন্ত অবস্থায় গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি মোতাবেক বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে একটি গুলিভর্তি অত্যাধুনিক বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং সহস্রাধিক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।গাংনী থানার ওসি গোলাম মোস্তফা বলেন, হবির বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। তিনি দিনে পরিবহন শ্রমিক হিসেবে কাজ করতেন। আর রাতে এ অঞ্চলের অপরাধজগতের সম্রাট বনে যেতেন। গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক বলেন, দলের বিদ্রোহী একটি গ্রুপের প্রশ্রয়ে হবি সন্ত্রাসী কার্যক্রম চালাত। তবে দলের মূল অংশ তাঁকে কখনো প্রশ্রয় দেয়নি।মেহেরপুর জেলা বাসশ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল কুদ্দুস বলেন, হবি একজন লাল কার্ডধারী বাসশ্রমিক। তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কি না, তা জানা ছিল না তাঁর।