মেহেরপুরে ছাত্রাবাস থেকে গ্রেনেড ও বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর শহরের মল্লিকপাড়ার একটি ছাত্রাবাস থেকে গতকাল সোমবার একটি গ্রেনেড ও দুটি বোমা উদ্ধার করেছেন (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) র‌্যাব সদস্যরা। এদিকে চাঁদা দিতে রাজি না হওয়ায় মেহেরপুর শহরের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে গত রোববার বোমা রেখে আতঙ্ক সৃষ্টি করে একদল সন্ত্রাসী।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদা না দেওয়ায় শহরের কোর্ট এলাকার জহুরুল হার্ডওয়্যার নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে রোববার রাতে বোমা রেখে যায় একদল সন্ত্রাসী। তবে বোমা দুটি বিস্ফোরিত না হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে পুলিশ ঘটনাস্থলে এসে এগুলো থানায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে।
প্রতিষ্ঠানটির মালিক জহুরুল ইসলাম জানান, চরমপন্থী নেতা পরিচয় দিয়ে সন্ত্রাসীরা কয়েক দিন আগে তাঁর মুঠোফোনে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা আতঙ্ক সৃষ্টির জন্য তাঁর দোকানে বোমাগুলো রেখে যায়। ক্রেতা সেজে তারা তাঁর দোকানে এসেছিল। এ ঘটনার পর সন্ত্রাসীরা আবার তাঁর মুঠোফোনে ফোন করে বলে, এবার বোমা মারলে তা বিস্ফোরিত হবে। র‌্যাব-৬-এর মেহেরপুর ক্যাম্পের অধিনায়ক তারেক জুবায়ের জানান, র‌্যাব সদস্যরা গতকাল সকালে শহরের মল্লিকপাড়ার এমএস ছাত্রাবাসে অভিযান চালিয়ে সেখান থেকে একটি গ্রেনেড ও দুটি বোমা উদ্ধার করেন। আতঙ্ক সৃষ্টির জন্য এগুলো রাখা হয়েছিল। অভিযান চালানোর সময় সেখানে কেউ ছিল না।