মেহেরপুরে ছেলেধরা আতঙ্ক, পুলিশ বলছে গুজব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে ছেলেধরা সন্দেহে দুজনকে আটক করে পুলিশে দেয় জনতা। এ ছাড়া একজন প্রতিবন্ধী ব্যক্তি মারধরের শিকার হয়েছেন। পুরো জেলায় ছেলেধরা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ বলছে, আতঙ্কের কিছু নেই। এটি নিছক গুজব।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার ছেলেধরা সন্দেহে গাংনী উপজেলার চেংগাড়া এলাকা থেকে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা। আটক দুজন হলেন মেহেরপুর সদর উপজেলার দীঘিরপাড়া গ্রামের রহিদ (৩৭) ও ইমাদুল ইসলাম (৪০)। তবে রহিদ ও ইমাদুলের দাবি, তাঁরা কাশফুলের ঝাড়ু তৈরি করে বিক্রি করেন। কাশের খোঁজেই তাঁরা এলাকায় এসেছিলেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, চেংগাড়া মাঠে কোনো কাশবন নেই। তারপরও ওই দুজন দুদিন ধরে ঘোরাফেরা করছিলেন। এতে তাঁদের সন্দেহ হয়। এ কারণে তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে খোঁজখবর নিয়ে পুলিশ তাঁদের ছেড়ে দেয়।

এদিকে গত শুক্রবার মেহেরপুর সদরের আমঝুপিতে জোয়ার্দারপাড়ার মুসলিম হোসেনের স্ত্রী রিনা খাতুনের কোল থেকে তাঁর তিন বছরের মেয়েকে একদল লোক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে রিনা চিৎকারে দিলে লোকগুলো পালিয়ে যায়। শুক্রবার রাত নয়টার দিকে আমঝুপির জোয়ার্দারপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা বলেন, ঘটনার সময় রিনা খাতুন নিজ বাড়িতে তাঁর মেয়ে রাহাকে নিয়ে বসেছিলেন। অপরিচিত তিনজন লোক তাঁর শিশুটিকে কোল থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় লোকগুলোর সঙ্গে রিনার ধস্তাধস্তি হয়। তারা রিনাকে রড দিয়ে আঘাত করে। তবে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে লোকগুলো দৌড়ে পালিয়ে যায়। পরে রিনাকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

একই দিনে মেহেরপুর শহরের পাবলিক লাইব্রেরি এলাকায় ছেলেধরা সন্দেহে এক প্রতিবন্ধী ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানার পুলিশ তাঁকে উদ্ধার করে।

এ ছাড়া কয়েক দিন ধরে মেহেরপুর শহরের শিশু বাগানপাড়া, স্টেডিয়াম পাড়া, সদর উপজেলার ইসলাম নগর, আমঝুপি, খন্দকারপাড়ায় ছেলেধরা আতঙ্ক বিরাজ করছে। অভিভাবকেরা এ নিয়ে দুশ্চিন্তায় আছেন।

জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহামুদ প্রথম আলোকে বলেন, জেলাজুড়ে এক সপ্তাহ ধরে ছেলেধরা গুজব চলছে। তবে কোনো পরিবার এখনো পর্যন্ত সন্তান নিখোঁজ হওয়ার অভিযোগ করেনি। তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে এ রকম একটি গুজব রটে বটে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার তেমন কিছু নেই। পুলিশ নজরদারি করছে।