মেহেরপুরে জমি বিক্রি নিয়ে আইন লঙ্ঘনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর শহরে দুই ভাইয়ের বিরুদ্ধে জমি বিক্রি নিয়ে আইন লঙ্ঘন ও মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। ওই দুই ভাই হলেন মেহেরপুর পৌর এলাকার বাসস্ট্যান্ড পাড়ার বাংলাদেশ বিমানের কর্মকর্তা প্রকৌশলী শেখ মো. মহিউদ্দিন ও বিটিসিএলের উপসহকারী প্রকৌশলী শেখ মো. ওমর উদ্দিন।সরেজমিন খোঁজখবর ও কাগজপত্র যাচাই করে জানা গেছে, প্রয়াত সেকেন্দার শেখের উত্তরসূরি ছয় ছেলে ও ছয় মেয়ের পক্ষে মহিউদ্দিন ও ওমর উদ্দিন ২০০৯ সালের আগস্টে মেহেরপুর শহরে ১৮ দশমিক ৪৪ শতক পারিবারিক জমি বিক্রির ঘোষণা দেন। জমি কিনতে আগ্রহ প্রকাশ করেন সংবাদপত্র পরিবেশক ও স্থানীয় সাংবাদিক আতিকুর রহমান। দাম ধার্য করা হয় ৪০ লাখ টাকা। জমি বিক্রিতে মধ্যস্থতা করেন ওমরের বন্ধু মেহেরপুর শহরের জিএম মোটরসের মালিক ওবায়দুর রহমান। কিন্তু ৯ দশমিক ২৩ শতক জমি বিক্রির জন্য ২০ লাখ টাকার বিনিময়ে ১৫ সেপ্টেম্বর মহিউদ্দিন ও ওমরের সঙ্গে আতিকুরের রেজিস্ট্রি বায়নানামা দলিল (৭১৯৭/০৯ নম্বর) বিক্রয় চুক্তি হয়। দলিল সম্পাদন করেন মোহরার আবদুল খালেক। ঠিক এক মাস পর ঢাকায় সোনালী ব্যাংকের কুর্মিটোলা শাখায় ওমরের হিসাবে পাঁচ লাখ টাকা, ২০১০ সালের ২৫ জানুয়ারি মহিউদ্দিনের নামে চার লাখ ও ২৫ ফেব্রুয়ারি একই নামে আরও ৫০ হাজার টাকা পাঠান আতিকুর। ওই বছরের জুন মাসে ওবায়দুরের সামনে মহিউদ্দিনের চাচাতো ভাই মফিজুর রহমানকে আরও এক লাখ টাকা দেন আতিকুর।ওবায়দুর রহমান তাঁর উপস্থিতিতে জমির দাম নির্ধারণ ও টাকা হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেছেন। ওবায়দুর বলেন, ‘আতিকুরকে বায়নার টাকা ফেরত দিতে ওমর উদ্দিন কয়েকবার আমার কাছে ধরনা দিয়েছেন। কিন্তু আতিকুর তাঁর কেনা জমি বুঝে নিতে চান।’ দেওয়ানি মামলা: বায়নানামার শর্তানুযায়ী, তিন মাসের মধ্যে জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা। ২০১০ সালের মে মাসে আতিকুর নিজ উদ্যোগে ওই জমি খারিজ করিয়ে নেন। এদিকে জমিটি মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগের সাংসদ মো. জয়নাল আবেদীনের কাছে বিক্রির উদ্যোগ নেন দুই ভাই। বিষয়টি জানার পর ডিক্রি হাসিলের জন্য ওই বছরের ৩১ আগস্ট মেহেরপুর যুগ্ম জেলা জজ প্রথম আদালতে দেওয়ানি মামলা (১৯/১০ নম্বর) করেন আতিকুর। বায়না করা ওই জমি যাতে অন্যত্র বিক্রি করতে না পারেন, সে জন্য ১৬ সেপ্টেম্বর মেহেরপুর সদর উপজেলার সাব-রেজিস্ট্রার আবদুস সাত্তারের কাছে লিখিত আবেদন করেন। একই সঙ্গে মেহেরপুর যুগ্ম জেলা জজ প্রথম আদালতে জমি হস্তান্তর বা বিক্রির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে নোটিশ পাঠান। নিষেধাজ্ঞা অমান্য করে তিন দিন পর ঢাকায় সাংসদ জয়নাল আবেদীনের বাসায় সাব-রেজিস্ট্রার আবদুস সাত্তারকে নিয়ে জমি বিক্রির দলিল সম্পাদন করা হয়। সাংসদপুত্র মো. তানভীর আহম্মেদ খানকে জমির ক্রেতা হিসেবে দেখানো হয়। দুদিন পর ২১ সেপ্টেম্বর সদর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে দলিল নথিভুক্ত করা হয়।সূত্রমতে, দুটি দলিলে মোট ৬৩ লাখ টাকায় ১৮ দশমিক ৪৪ শতক জমি রেজিস্ট্রি করা হয়। এর মধ্যে আতিকুরের কাছে রেজিস্ট্রি বায়নানামা করা ৯ দশমিক ২৩ শতক জমি ৪০ লাখ টাকায় এবং বাকি ৯ দশমিক ২১ শতক জমি ২৩ লাখ টাকায় বিক্রি দলিল করা হয়। আতিকুর রহমান অভিযোগ করেন, ‘সাংসদ জয়নাল আবেদীন বায়নার বিষয়টি জানার পরও ছেলের নামে জমিটি কেনেন। এই অন্যায় কাজের প্রতিবাদ করায় সাংসদ তাঁর অনুসারীদের দিয়ে আমার ঢাকাবাসী বড় ভাই সংবাদপত্র পরিবহন ঠিকাদার আকতার হোসেনের নামে নারী নির্যাতনের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। প্রকৌশলী দুই ভাই আমার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।’যোগাযোগ করলে জমিবিক্রেতা শেখ মো. ওমর উদ্দিন আতিকুর রহমানের কাছে জমি বিক্রির জন্য রেজিস্ট্রি বায়নানামা দলিল চুক্তি সম্পাদন এবং ওই জমি পরে সাংসদপুত্রের কাছে বিক্রির কথা স্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘৩০ লাখ ৫০ হাজার টাকা নয়, জমি বিক্রি বাবদ আতিকুরের কাছ থেকে আমরা ২২ লাখ টাকা নিয়েছি। কিন্তু দুই বছর আগে তিনি জমি বিক্রি বাবদ পুরো টাকা দিতে পারেননি। আমাদের টাকার খুব দরকার হওয়ায় আমরা জমিটি সাংসদপুত্রের কাছে বিক্রি করে দিই। এখন টাকা ফেরত দিতে চাইলেও আতিকুর নিচ্ছেন না।’ মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ অস্বীকার করেছেন ওমর উদ্দিন।