মেহেরপুরে জামায়াতের হরতাল চলছে

মেহেরপুরে জামায়াতের ডাকে আজ রোববার সকাল থেকে শুরু হয়েছে আধাবেলার হরতাল। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। সব ধরনের নাশকতা ঠেকাতে তিন স্তরের পুলিশি নিরাপত্তা রাখা হয়েছে।
গত বৃহস্পতিবার জামায়াতের ডাকা সারা দেশের হরতালে মেহেরপুরে পুলিশের সঙ্গে জামায়াতের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দোলোয়ার হোসেন নামে জামায়াতের এক কর্মী নিহত ও পাঁচজন গুলিবিদ্ধ হন। এরই প্রতিবাদে মেহেরপুর জামায়াতের দায়িত্বপ্রাপ্ত আমির সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ফারুক হোসেন এক যৌথ বিবৃতিতে এই হরতালের ডাক দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে জামায়াতের কর্মীরা সদর উপজেলার রাজনগর, আলমপুর ও বন্দর সড়কে কলাগাছ ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে কলাগাছ সরিয়ে দেয়। আলমপুর সড়কে জামায়াতের কর্মীরা পিকেটিংয়ের চেষ্টা করলে পুলিশের ধাওয়া খেয়ে তাঁরা পালিয়ে যান।
হরতালের কারণে শহরের সব দোকানপাট ও যান চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে স্কুল-কলেজেও শিক্ষার্থীরা গেলেও তাদের উপস্থিতি কম।
এদিকে, জামায়াতের ডাকা এই হরতাল মোকাবিলায় মেহেরপুর ছাড়াও কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও খুলনা থেকে প্রায় ২০০ অতিরিক্ত পুলিশ এখানে নামানো হয়েছে। তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ও হুমায়ুন কবীরের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও র্যাবের টহল দল রয়েছে।

