মেহেরপুরে জামায়াতের হরতাল পালন, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা গতকাল রোববার মেহেরপুরে আধা বেলা হরতাল পালন করেছেন। পুলিশের গুলিতে দলের একজন কর্মী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে তাঁরা এ কর্মসূচি আহ্বান করেন। নাশকতা প্রতিরোধে প্রশাসন নিরাপত্তাব্যবস্থা জোরদার করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল ভোরে জামায়াতের কর্মীরা সদর উপজেলার রাজনগর, আলমপুর ও বন্দর সড়কে কলাগাছ ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশ সেসব স্থানে গিয়ে সড়ক থেকে কলাগাছ সরিয়ে ফেলে।
আলমপুর সড়কে পিকেটিংয়ের চেষ্টা করলে পুলিশের ধাওয়া খেয়ে জামায়াতের কর্মীরা পালিয়ে যান। হরতালের কারণে শহরের সব দোকানপাট বন্ধ ছিল। মেহেরপুর থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি। বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের উপস্থিতিও কম ছিল।
হরতালের সময় নাশকতা এড়াতে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও খুলনা থেকে প্রায় ২০০ অতিরিক্ত পুলিশ মেহেরপুরে আনা হয়।এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ও হুমায়ুন কবীরের নেতৃত্বে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাব বিভিন্ন স্থানে টহল দিয়েছে।
গত বৃহস্পতিবার সারা দেশে হরতাল চলাকালে মেহেরপুরে পুলিশের সঙ্গে জামায়াতের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে জামায়াতের কর্মী দোলোয়ার হোসেন মারা যান এবং আরও পাঁচ কর্মী আহত হন। এর প্রতিবাদে জেলা জামায়াতের দায়িত্বপ্রাপ্ত আমির সিদ্দীকুর রহমান ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ফারুক হোসেন হরতাল আহ্বান করেন।