মেহেরপুরে জেলা জজসহ সাত বিচারকের পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের ১০ জন বিচারকের মধ্যে সাতজন বিচারক নেই। জেলা জজের পদ শূন্য রয়েছে প্রায় চার মাস ধরে। ফলে কয়েক হাজার মামলার বিচার কার্যক্রম ঝুলে আছে। মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা গেছে, গত ডিসেম্বর থেকে জজ আদালতের বিচারক নেই। এ ছাড়া কয়েক বছর ধরে অতিরিক্ত জেলা জজ, নারী ও শিশু, স্পেশাল জজ, জননিরাপত্তা, যুগ্ম দ্বিতীয় সহকারী জজ, দেওয়ানি সিনিয়র সহকারী জজ ও মুজিবনগর মুন্সেফ আদালতের বিচারক নেই। শুধু সাবজজ-১ এবং মুন্সেফ মেহেরপুর সদর ও গাংনী আদালতে বিচারক আছে। ১৯৯৩ সালে মেহেরপুরে অতিরিক্ত জেলা আদালতের জন্য বিচারক দেওয়া হয়। তখন স্থান সংকুলান না হওয়ায় মন্ত্রণালয় পরবর্তী পুনঃ আদেশ না দেওয়া পর্যন্ত সেই বিচারককে চাঁদপুরে নিযুক্ত করেন। তখন থেকেই এই পদটি শূন্য রয়েছে। তাই জজ ছুটিতে গেলে আদালতের কার্যক্রম বন্ধ রাখতে হয়। ২০০৩ সাল থেকে নারী শিশু আদালতে বিচারক নেই। দুই বছর ধরে নেই যুগ্ম দ্বিতীয় জজ। এখনো মুজিবনগর মুন্সেফ আদালতে কোনো বিচারক নিয়োগ করা হয়নি। এসব আদালতের বিচারক চেয়ে একাধিকবার আইন মন্ত্রণালয়ে পত্র দেওয়া হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। জেলা জজ না থাকায় গত চার মাসে নতুন ৪৮৯টি মামলা ঝুলে আছে। এসব মামলার আসামিরা জামিনসুবিধা না পেয়ে কারাবন্দী আছেন। নতুন নারী ও শিশু নির্যাতন মামলা আছে ৫২৩টি। বিচারাধীন মামলা আছে প্রায় চার হাজার। দেওয়ানি সহকারী জজ আদালতে মামলা আছে প্রায় সাড়ে তিন হাজার। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে আদালত প্রাঙ্গণে বেশ কয়েকজন অভিভাবককে মামলার শুনানির জন্য অপেক্ষা করতে দেখা গেছে। জজ আদালতের সামনে অপেক্ষমাণ মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের মেহেরুন নেছা (৫২) বলেন, ‘ছেলিকে জামিন করতি গাড়ি ভাড়া দিই, দিনে দিনে আসি। আর উকিলে বলে জজ নাই। ইভাবে আমার ছেলি পুলিশের দিয়া মিত্থি কেসি জেলি থাকবি কদিন?’ সদর উপজেলার শোলমারী গ্রামের আরিফা খাতুন (২৯) বলেন, ‘যৌতুক না দেওয়ায় স্বামী নির্যাতন করে, এখন ভাত দেয় না। জজ আদালতে মামলা করেছি। কিন্তু জজ নেই। তাই প্রতিদিন ঘুরে যাচ্ছি।’জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মতিউল আশরাফ বলেন, সাতটি আদালতে বিচারক নেই। জজ নেই কয়েক মাস। তাই কয়েক হাজার অমীমাংসিত মামলা ছাড়াও নতুন আরও প্রায় ৫০০ মামলা ঝুলে আছে। বিচারক শূন্যতার কারণে জামিন আবেদনের সুযোগবঞ্চিত হয়ে অনেকে বিনা বিচারে কারাবন্দী আছেন। জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিকুল ইসলাম বলেন, জজসহ অধিকাংশ আদালতই বিচারকশূন্য। ফলে প্রতিদিন আদালতে এসে বিচারপ্রার্থীরা বিমুখ হয়ে ফিরে যাচ্ছে। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, এভাবে চলতে থাকলে বিচারপ্রার্থী মানুষের আইনের সব দরজা বন্ধ হয়ে যাবে। মেহেরপুর জেলা কারাগারের উপাধ্যক্ষ এ কে এম মহিউদ্দিন হায়দার বলেন, সাধারণত জেলা কারাগারে ১৭০ থেকে ২০০ বন্দী থাকে। কিন্তু বর্তমানে বন্দীর সংখ্যা প্রায় ৬০০।