মেহেরপুরে পৌরসভার পানি থেকে ডায়রিয়া রোগ দেখা দিয়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নারায়ণ চন্দ্র দাসের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ওই তথ্য জানা গেছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অলোক কুমার দাস বলেন, গত ২৫ দিনে ডায়রিয়া আক্রান্ত প্রায় আড়াই হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।
মেহেরপুরের ডায়রিয়া বেড়ে যাওয়ার কারণ অনুসন্ধানে ঢাকা থেকে আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নারায়ণ চন্দ্র দাসের নেতৃত্বে সাত সদস্যের একটি দল ১৯ মে হাসপাতাল পরিদর্শনে আসে। এ সময় তারা বিভিন্ন এলাকা ঘুরে পানি সংগ্রহ করে। গত শনিবার তারা এ-সংক্রান্ত প্রতিবেদন হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান এবং সিভিল সার্জনকে দেয়।
ওই প্রতিবেদন থেকে জানা যায়, পৌরসভার পানি থেকে ডায়রিয়া শুরু হয়েছে। এখন তা জেলাব্যাপী ছড়িয়ে গেছে। পানি সরবরাহের লাইনে বিষাক্ত উপাদান ছিল। সেটি পানির সঙ্গে মিশে গেছে। এই পানি পান করে ডায়রিয়া শেষ পর্যন্ত কলেরায় রূপ নিয়েছে। এ ছাড়া গ্রাম থেকে যাঁরা কাজের সন্ধানে শহরে এসেছিলেন, তাঁরা এই পানি পান করে ডায়রিয়ার আক্রান্ত হয়েছেন। ডায়রিয়া প্রতিরোধে হাসপাতালে পর্যাপ্ত স্যালাইনের প্রয়োজন বলে নারায়ণ চন্দ্র দাস মন্তব্য করেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান জানান, মেহেরপুরে ডায়রিয়া পরিস্থিতি এবং ডায়রিয়া প্রতিরোধে স্যালাইন সরবরাহের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
মেহেরপুর পৌরসভার মেয়র মুতাছিম বিল্লাহ জানান, প্রথম দফায় শহরের ৯০ কিলোমিটার পানি সরবরাহ লাইন ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা হয়েছে। তাতেও জীবাণুমুক্ত না হওয়ায় আবার পুরো লাইন পরিষ্কার করা হচ্ছে। বিশুদ্ধ ও জীবাণুমুক্ত পানি সরবরাহ নিশ্চিত করতে এভাবে মাসব্যাপী পরিষ্কার করা হবে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গতকাল ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এখন সব মিলিয়ে ৭৯ জন ভর্তি আছে।