মেহেরপুরে ডায়রিয়ার প্রকোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২০ দিনে দুই হাজার রোগী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। ২৫০ শয্যার ওই হাসপাতালের চিকিৎসকেরা জানান, পৌর শহরের ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডে ডায়রিয়া গুরুতর আকার ধারণ করেছে।
জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অলোক কুমার বলেন, পৌরসভার সরবরাহকৃত পানি বা রাসায়নিকমিশ্রিত মৌসুমি ফল থেকে ডায়রিয়া হচ্ছে। এ ঘটনায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল ডায়রিয়ার কারণ খুঁজছে।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় হাসপাতালে গিয়ে মেঝে, বারান্দাসহ সর্বত্র ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা নিতে দেখা যায়। এ রোগীদের বেশির ভাগই শহরের ওই তিনটি ওয়ার্ডের। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্টেডিয়ামপাড়ার রাশিদা খাতুন বলেন, তিনি সাত বছরের শিশুকে নিয়ে গতকাল ভোরে হাসপাতালে এসেছেন। কোথাও জায়গা না পেয়ে বারান্দার মেঝেতে আছেন। তিনি বলেন, পৌরসভার পানির লাইন ছিদ্র হয়ে নর্দমার ময়লা পানি মিশে গেছে। এ পানি থেকে ডায়রিয়া ছড়িয়েছে, যা এখন পুরো মহল্লায় মহামারি আকার ধারণ করেছে।
হাসপাতালের শিশুবিশেষজ্ঞ মৃণাল কান্তি মণ্ডল জানান, প্রথমে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হয়। এখন প্রাপ্তবয়স্করা আক্রান্ত হচ্ছে। চাপের কারণে সব রোগীকে হাসপাতালে রেখে পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব হচ্ছে না। প্রাথমিক চিকিৎসা দিয়ে এক দিন পরই ছাড়পত্র দিয়ে নতুন রোগী ভর্তি করানো হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গতকাল পর্যন্ত ২০ দিনে প্রায় দুই হাজার ডায়রিয়া আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। নতুন আক্রান্ত ৯৭ জনকে গতকাল ভর্তি করা হয়।
মেহেরপুর পৌরসভার মেয়র মুতাছিম বিল্লাহ বলেন, শুধু পানি নয়, রাসায়নিকমিশ্রিত মৌসুমি ফল খাওয়ার কারণে ডায়রিয়া সর্বত্র ছড়িয়েছে। তারপরও পৌরসভার সরবরাহকৃত পানি পরীক্ষা করা হয়েছে। শনিবার প্রথম দফায় শহরের ৯০ কিলোমিটার পানি সরবরাহ লাইন পরিষ্কার (ওয়াশ) করা হয়েছে। সোমবার আবারও পুরো লাইন ওয়াশ করা হবে।
আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নারায়ণ চন্দ্র দাস জানান, তাঁর নেতৃত্বে ঢাকা থেকে সাত সদস্যের বিশেষজ্ঞ দল ডায়রিয়ার কারণ ও উৎপত্তি খুঁজতে তিন দিন ধরে কাজ করে যাচ্ছে।
জেলা প্রশাসক মাহমুদ হোসেন জানান, মৌসুমি ফলে রাসায়নিকের উপস্থিতি পরীক্ষার জন্য খুলনা থেকে বিএসটিআইয়ের দল আসছে।