মেহেরপুরে ডিজিটাল পদ্ধতিতে জমির নামজারি শুরু
এখন থেকে ইন্টারনেটে আবেদনের মাধ্যমে মেহেরপুর জেলায় জমির নামজারির আবেদনপত্র পাওয়া যাবে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসক শফিকুল ইসলাম সদর ভূমি কার্যালয়ে ইন্টারনেট অটো মেশিন সিস্টেমের উদ্বোধনের মাধ্যমে এই কাজ শুরু করেন। ফলে এখন থেকে নামজারির আবেদন, জমির দলিলপত্র দাখিল, যাচাই-বাছাইসহ কাজের সব অগ্রগতি ও সমস্যার বিষয়ে আবেদনকারী ইন্টারনেটের মাধ্যমে জানতে পারবেন।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনুজ্জামান জানান, ভূমি কার্যালয়ে জমির নামজারির (মিউটেশন) কাজে মানুষকে সবচেয়ে বিড়ম্বনা ও হয়রানির শিকার হতে হতো। শত শত নামজারির ফাইল মাসের পর মাস পড়ে থাকত। এখন থেকে আবেদনের ১৫ দিনের মধ্যে জমির নামজারিপত্র আবেদনকারীকে সরবরাহ করা হবে এবং আবেদনকারী ইন্টারনেটে তাঁর কাজের অগ্রগতি ও সমস্যার বিষয়ে জানতে পারবেন।
ইন্টারনেট অটো মেশিন সিস্টেমের উদ্বোধনকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হাসান, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাত মান্নান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান উপস্থিত ছিলেন।