মেহেরপুরে তামাক ছেড়ে মসুর চাষ
মেহেরপুরের গাংনী উপজেলার সরাফাত হোসেন গত মৌসুমে তামাকের পাশাপাশি মসুর চাষ করেছিলেন। লাভজনক হওয়ায় এবার শুধু মসুর চাষ করেছেন। ফলন ভালো হওয়ায় এবার আরও বেশি লাভের আশায় আছেন তিনি। তাঁর মতো এ জেলার অনেক কৃষকই মসুর চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
সরাফাত হোসেন বলেন, ‘গত বছর ১ বিঘা জমিতে ৭ মণ মসুর পেয়েছিলাম। প্রতি মণের দাম ছিল ৩ হাজার ২০০ টাকা। খরচ বাদে লাভ হয়েছিল ২০ হাজার টাকা। এবার ৩ বিঘায় মসুর লাগিয়েছি।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্র ও কৃষকদের সঙ্গে আলাপ করে জানা যায়, মসুর আবাদে সেচ ও সার কম লাগে। বেশি পরিশ্রম করতে হয় না। অন্যদিকে, তামাক চাষে বেশি শ্রম দিতে হয়। তামাকের চাষের ফলে জমির উর্বরতা শক্তি কমে যায়। পরবর্তী সময়ে অন্য কোনো ফসল আবাদ করতে গেলে বেশি সার দিতে হয়। এসব কারণে অনেক চাষি মসুর আবাদে আগ্রহী হচ্ছেন। চলতি মৌসুমে মেহেরপুর সদরে ৩ হাজার ৫০০ হেক্টর, গাংনীতে ১২ হাজার ৫০০ হেক্টর ও মুজিবনগরে ১ হাজার ১৭৫ হেক্টর জমিতে মসুর আবাদ হয়েছে। সব মিলিয়ে এ মৌসুমে আবাদ হয়েছে ১৭ হাজার ১৭৫ হেক্টরে। গত মৌসুমে এর পরিমাণ ছিল ১২ হাজার হেক্টর। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে মসুর চাষ হয়েছিল ৯ হাজার হেক্টর জমিতে।
গাংনীর বিল ধলা গ্রামের অজিত মণ্ডল বলেন, চার বছর ধরে তিনি দুই বিঘা জমিতে মসুর আবাদ করছেন। এবার কৃষি অফিসের সহযোগিতায় বাড়ির পাশে দীর্ঘদিনের পরিত্যক্ত আড়াই বিঘা জমিতেও মসুর চাষ করেছেন। সাড়ে চার বিঘা জমিতেই তিনি বাম্পার ফলনের আশা করছেন। এ গ্রামের প্রবীণ কৃষক দলু আকরাম বলেন, তিন বছর ধরে তিনি দুই বিঘা জমিতে মসুর আবাদ করেছেন। এবার তিনি আড়াই বিঘা জমিতে এ ফসলের আবাদ করেছেন।
সরেজমিনে দেখা যায়, গাংনী উপজেলার সাহারবটি, নওয়াপাড়া, কালিগাংনী, কলোনি, গাড়াবাড়ীয়া, রামকৃষ্ণপুর ধলা, কাথুলসহ সহগলপরের বেশির ভাগ চাষি মসুর আবাদ করেছেন। খেতে মসুর পেকে গেছে। চাষিরা মসুর ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন।
মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমান বলেন, সব সময়ই চাষিদের তামাক ছেড়ে অন্য ফসল আবাদ করতে উৎসাহ দেওয়া হয়। কিন্তু কোম্পানিগুলো বিভিন্ন রকম সুযোগ-সুবিধা দেওয়ায় তামাক চাষ কমছে না। তবে মসুর চাষ লাভজনক হওয়ায় অনেক কৃষকই এ ফসল আবাদে আগ্রহী হচ্ছেন। প্রতিবছরই এ ফসলের আবাদ বাড়ছে। চাষিদের উচ্চফলনশীল বারি ৬ ও ৭ জাতের মসুর চাষের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।