মেহেরপুর সদর উপজেলায় ডাকাতি করার সময় তিনজনকে আটক করে পিটুনির পর পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি বোমা উদ্ধার করা হয়। গত শনিবার রাতে পিরোজপুর ইউনিয়নের গহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
একই রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সড়কে গাছ ফেলে একটি ট্রাক থামিয়ে যানটির চালক ও তাঁর সহকারীর কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা ও তিনটি মুঠোফোন ছিনিয়ে নিয়েছে ডাকাতেরা।
এলাকাবাসী জানান, শনিবার রাত একটার দিকে মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামের শিবু দাসের বাড়িতে ঢুকে তাঁর পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করার চেষ্টা করে একদল ডাকাত। এ সময় শিবুর পরিবারের সদস্যদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে ওই তিন ব্যক্তিকে আটক করেন। পরে এলাকাবাসী তাদের গণধোলাই দেন। গতকাল ভোরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলো পিরোজপুর গ্রামের কাওছার আলী ও রাজু এবং যতারপুর গ্রামের শরিফুল ইসলাম।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন বলেন, ওই তিন ব্যক্তির কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহূত একটি পিস্তল ও একটি বোমা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সদস্য।
এলাকাবাসী জানান, শনিবার দিবাগত রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর এলাকায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কে গাছ ফেলে রাখে একদল ডাকাত। পরে সেখানে একটি ট্রাক পৌঁছালে ডাকাতেরা যানটি আটক করে চালক ও তাঁর সহকারীর কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা ও তিনটি মুঠোফোন লুট করে নিয়ে যায়।