মেহেরপুরে তিনজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলায় গতকাল সোমবার পৃথক দুটি ঘটনায় দুজন খুন হয়েছেন। একই দিন সদর উপজেলায় পুলিশ এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে। পুলিশ এবং এলাকাবাসী জানান, গতকাল সকাল সাতটার দিকে গাংনীর বানিয়াপুকুর গ্রামে জমির মালিকানা নিয়ে এলাকার মোয়াজ্জেম এবং ওয়াজ্জেলের পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় মোয়াজ্জেমের পক্ষে গ্রামের আকবর আলীর ছেলে নুরুল হুদা (৩৬) প্রতিবাদ করতে এগিয়ে গেলে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আশরাফুল ইসলাম (২৯) নামের এক ব্যক্তিসহ পাঁচজন আহত হয়েছেন। একই সময় গাংনী উপজেলার করমদী গ্রামে দুই পরিবারের মধ্যে বণ্টনের জন্য জমির মাপজোক চলছিল। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আবু বক্কর (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। গাংনী হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে এ দুটি হত্যাকাণ্ড ঘটেছে। এ ছাড়া গতকাল সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের লক্ষ্মী নারায়ণপুর কালীগাংনী মাঠ থেকে পুলিশ গলাকাটা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে। তাঁর পরিচয় জানা যায়নি। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জিহাদ জানান, ওই নারীকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।