মেহেরপুরে ককটেলসদৃশ তিনটি বস্তু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর শহরের জেলা ভূমি রেজিস্ট্রি কার্যালয়ের পাশে একটি খাবার দোকানের পেছন থেকে আজ সোমবার সকালে ককটেলসদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে চরমপন্থী সংগঠন জনযুদ্ধের শতাধিক লিফলেট উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, স্থানীয় লোকজন লাল টেপ দিয়ে মোড়ানো ককটেলসদৃশ তিনটি বস্তু পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। সকাল সাড়ে আটটার দিকে পরিত্যক্ত অবস্থায় পুলিশ এগুলো উদ্ধার করে পানিভর্তি বালতিতে রাখে। ঘটনাস্থলে জনযুদ্ধের লিফলেটও পড়ে ছিল।

ওসি আরও বলেন, লিফলেটে জনযুদ্ধ তাদের আদর্শের কথা তুলে ধরেছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কারা এগুলো রেখেছে, সেটা তদন্ত করে পাওয়া গেলে মামলা নেওয়া হবে বলে তিনি জানান।