মেহেরপুরে দুই গ্রামের বাসিন্দারা মুখোমুখি
ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে মেহেরপুর সদর উপজেলার শালিকা ও গভিপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে চার দিন ধরে উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে গুচ্ছগ্রাম মাঠে শালিকা ও গভিপুর গ্রামের ফুটবল দলের মধ্যে খেলা হয়। এ সময় দুই দলের সমর্থকদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা ও পরে হাতাহাতি হয়। এর জেরে গত সোমবার শালিকা গ্রামের এক নিরীহ নছিমনচালককে মারধর করেন গভিপুর গ্রামের বাসিন্দারা। গুরুতর অবস্থায় তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর বদলা হিসেবে গতকাল সকালে গভিপুরের এক যুবককে শালিকা গ্রামের কয়েকজন বাসিন্দা পিটিয়ে আহত করেন। এ খবর ছড়িয়ে পড়লে দুই গ্রামের কয়েক শ বাসিন্দা বিশাল আবাদি মাঠে মুখোমুখি অবস্থান নেন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে মাঠের মাঝখানে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একপর্যায়ে শটগান থেকে ফাঁকা গুলি ছুড়ে এবং লাঠিপেটা করে গ্রামবাসীদের ছত্রভঙ্গ করে দেয়।
মেহেরপুর সদর থানার ওসি আহসান হাবীব বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।