মেহেরপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কুলবাড়ীয় গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আজিজুল হকের সঙ্গে আশরাফুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে আশরাফুল ইসলামের পক্ষের লোকজন বিরোধপূর্ণ ওই জমির ফসল কাটছিল। এ সময় আজিজুলের পক্ষের লোকজন বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়। তাদের মধ্যে ১৬ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল দুপুরে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।