মেহেরপুরে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার বিকেলে মেহেরপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে আবদুল কুদ্দুস (৩০) নামের এক যুবক নিহত ও ৩০ জন আহত হয়েছেন।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার একটি মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের সংঘর্ষ নিয়ে সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের গোপালপুর ও মদনডাঙ্গা গ্রামের বাসিন্দাদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়। বিষয়টি মীমাংসায় সালিস হলেও পরে গোপালপুর গ্রামের লোকজন লাঠি দিয়ে পিটিয়ে মদনডাঙ্গা গ্রামের সাতজনকে আহত করে। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার বিকেলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় মদনডাঙ্গা গ্রামের নবির উদ্দিনের ছেলে আবদুল কুদ্দুস ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া আহত হন মদনডাঙ্গা গ্রামের আনিছুর রহমান, লোকমান হোসেন, আজিবুর রহমান, আবদুল আজিজ, আকমল আলী, হজরত বিশ্বাসসহ অন্তত ৩০ জন। গুরুতর আহত এক ব্যক্তিকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।