মেহেরপুরে দুটি মামলায় পাঁচজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে দুটি হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক টি এম মুসা রাশেদা খাতুন হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন। একই আদালত গত সোমবার মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের আক্তারুজ্জামান আতাই হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
রাশেদা হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সদর উপজেলার যাদবপুর গ্রামের সেন্টু মিয়া, একই গ্রামের মিয়ারুল ইসলাম ও কাবিদুল হক। আক্তারুজ্জামান হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কালু হোসেন ও বাবলু হোসেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি বিকেলে সদর থানার পুলিশ যাদবপুর গ্রামের দৌলত হোসেন নামের এক কৃষকের গমখেতে পুঁতে রাখা অবস্থায় রাশেদার লাশ উদ্ধার করে। এ ঘটনায় মেহেরপুর সদর থানার উপপরিদর্শক কামাল হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক জিহাদ হোসেন ওই তিন আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।
একই আদালত সোমবার মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের আক্তারুজ্জামান আতাই হত্যা মামলায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভগিরতপুর গ্রামের কালু হোসেন এবং একই উপজেলার কালিয়াবকরি গ্রামের বাবলু হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ মামলায় সাতজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে ১৯৯৩ সালের ১৪ মে রাতে ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসী মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের আক্তারুজ্জামান আতাইকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ওই দিন রাতে গ্রামের একটি আমবাগানে তাঁকে গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়। পরদিন নিহত ব্যক্তির বাবা আবদুল কাদের বাদী হয়ে মুজিবনগর থানায় নয়জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলায় নয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।