মেহেরপুরে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী আহত
মেহেরপুরের বিসিক শিল্পনগর এলাকায় গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের হামলায় তারিকুল ইসলাম তারিক নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। তাঁর বাড়ি শহরের কাঁসারীপাড়ায়।তারিকুল ইসলামকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।তারিকুল জানান, রাত ১০টার দিকে তিনি রাসেল নামের এক ব্যক্তিসহ মোটরসাইকেলে বিসিক শিল্পনগরে যান। সেখানে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে তাঁর ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁকে মারাত্মক আহত অবস্থায় পুলিশ লাইনের কাছে ফেলে রেখে যায়। পরে সদর থানার পুলিশ তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আলোক কুমার জানান, তারিকুলের দুই পায়ের প্রধান হাড় ভেঙে গেছে এবং দুই পায়ের মাংসপেশি ক্ষতবিক্ষত হয়েছে। এ ছাড়া তারিকুলের পায়ের অনেক শিরাও ক্ষতিগ্রস্ত হয়েছে।তারিকুলের পরিবারের সদস্যরা ভয়ে হামলাকারীদের নাম উল্লেখ না করে বলেন, হামলাকারীরা শহরের প্রভাবশালী ও চিহ্নিত সন্ত্রাসী। তারা তাঁদের হত্যার হুমকি দিয়েছে।পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁরা মেহেরপুর সদর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। উপরন্তু পুলিশ তারিকুলকে মামলায় জড়ানোর চেষ্টা করছে। চিকিৎসকেরা তারিকুলকে তাৎক্ষণিকভাবে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানোর পরামর্শ দিলে পুলিশ তাঁকে ঢাকা নিতে বাধা দেয়। এ ছাড়া তারিকুলকে ঢাকায় নেওয়ার সময় গাংনী পুলিশ তাঁকে আটকায়। এ ব্যাপারে মেহেরপুরের গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, মেহেরপুরের পুলিশের নির্দেশমতো তিনি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সটি থামান ও কিছুক্ষণ পর ছেড়ে দেন।সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান বলেন, আহত ব্যক্তির পক্ষ থেকে কেউ থানায় মামলা করতে আসেনি। পুলিশ ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে। তারিকুলকে মামলায় জড়ানোর চেষ্টার অভিযোগ তিনি অস্বীকার করেন। তারিকুলকে ঢাকায় নিতে না দেওয়ার অভিযোগ প্রসঙ্গে ওসি বলেন, নিরাপত্তার জন্য তাঁকে হাসপাতালে পুলিশ পাহারায় রাখা হয়েছিল।তারিকুলের সঙ্গী রাসেল পুলিশকে জানান, পাঁচ-ছয়জন দুর্বৃত্ত এই হামলা চালিয়েছে। তবে তিনি হামলাকারীদের চিনতে পারেননি।