মেহেরপুরে দোকানে হামলা, ওষুধ লুট
মেহেরপুর শহরে ওষুধ বিক্রির একটি দোকানে হামলা চালিয়ে প্রায় ১৫ লাখ টাকার ওষুধ লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। গতকাল রোববার সকাল ছয়টার দিকে শহরের জেনারেল হাসপাতাল মোড় এলাকার শামীম ফার্মেসিতে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কর্মচারীরা দোকান খুলে পরিছন্নতার কাজ করছিলেন। এ সময় মুখোশ পরা ৮-১০ জন তরুণ দোকানে ঢুকে কর্মচারীদের বেঁধে রেখে মালামাল লুট করে নেন।
ফার্মেসির মালিক শামীম আহমেদ জানান, দোকান ভাড়ার চুক্তি নিয়ে এর মালিক আবদুল কুদ্দুসের সঙ্গে উচ্চ আদালতে তাঁর মামলা আছে। তা সত্ত্বেও ২৭ আগস্ট আবদুল কুদ্দুস তাঁকে দোকান ছাড়ার হুমকি দেন। এ ঘটনা উল্লেখ করে তিনি ওই দিনই মেহেরপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি অভিযোগ করেন, মালিক তাঁর ক্যাডার বাহিনী দিয়ে এ লুটপাট চালিয়েছেন। তাঁর প্রায় ১৫ লাখ টাকার ওষুধ লুট হয়েছে।
আবদুল কুদ্দুস বলেন, ‘অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি কাউকে দোকান লুটের নির্দেশ দিইনি।’ মেহেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম জানান, এ ব্যাপারে শামীম আহমেদ বাদী হয়ে দোকান মালিকসহ পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।