মেহেরপুরে নকল সিগারেট তৈরির সরঞ্জাম উদ্ধার
মেহেরপুর শহরের দিঘিরপাড়া এলাকা থেকে গতকাল রোববার প্রায় সাড়ে ২৪ লাখ টাকা মূল্যের নকল সিগারেট ও সিগারেট তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।উদ্ধার করা মালামালের মধ্যে আছে গোল্ডলিফ ব্র্যান্ডের ৭৪ হাজার নকল সিগারেট, স্টার সিগারেট ছয় লাখ ৫৫ হাজার ২০০টি, তামাক এক হাজার ৩০০ কেজি; গোল্ডলিফের ১০ বান্ডিল, স্টারের ১০ বান্ডিল ও বেনসনের দুই বান্ডিল মোড়ক; ২৮ বান্ডিল সিগারেট তৈরির রিবন, নকল ফিল্টার, রাজস্ব স্ট্যাম্প, সিগারেটের প্যাকেট ও সিগারেট তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম। এ সময় সিরাজুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি রাজশাহীর বোয়ালিয়ার বখতিয়ারবাদ মালদা কলোনিতে। এ ঘটনায় ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো কোম্পানি কুষ্টিয়া ডিপোর সিকিউরিটি অফিসার বাদী হয়ে গ্রেপ্তার করা ব্যক্তির বিরুদ্ধে গতকাল মেহেরপুর সদর থানায় মামলা করেছেন।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) মেহেরপুর ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার তারেক জুবায়ের জানান, গোপন খবরের ভিত্তিতে র্যাব গতকাল ভোরে মেহেরপুর পৌর এলাকার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে কামরুল ইসলামের মুদি দোকানে অভিযান চালায়। সেখানে র্যাবের উপস্থিতি টের পেয়ে সিরাজুল পালানোর চেষ্টা করেন। তাঁর ব্যবহূত একটি নছিমনের ভেতর থেকে র্যাব বিপুল পরিমাণ নকল রাজস্ব স্ট্যাম্প, মোড়ক ও সিগারেটের প্যাকেট উদ্ধার করা হয়। পরে সিরাজুলের স্বীকারোক্তি অনুযায়ী র্যাবের সদস্যরা গতকাল সকালে শহরের গোপালপুরের সালামের গুদামে তল্লাশি চালান। সেখান থেকে তাঁরা সাড়ে ২৪ লাখ টাকার সিগারেট ও সিগারেট তৈরির সরঞ্জাম জব্দ করেন।গ্রেপ্তার হওয়া সিরাজুল জানান, মেহেরপুরের বিশ্বাস টোব্যাকো কোম্পানির আড়ালে তিনিসহ কয়েকজন দীর্ঘদিন ধরে নকল সিগারেট তৈরিসহ সিগারেট তৈরির কারখানা পরিচালনা করে আসছিলেন। এই সিগারেট দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় বাজারজাত করা হতো।মেহেরপুর সদর থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তি নকল সিগারেটের ব্যবসা সম্পর্কে পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। এ ব্যবসার সঙ্গে শক্তিশালী একটি চক্র জড়িত। পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।