নসিমন, করিমন, আলমসাধু, ভটভটিসহ সব অবৈধ যানবাহন বন্ধের দাবিতে ২ জুলাই থেকে মেহেরপুর জেলা বাস মালিক ও বাস শ্রমিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট এখনো চলছে। এ কারণে গতকাল রোববার মেহেরপুর থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি।সরেজমিনে দেখা গেছে, ধর্মঘটের পক্ষে গতকাল বাসশ্রমিকেরা শহরের বিভিন্ন মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তায় অবরোধ সৃষ্টি করেন। শ্রমিকেরা নসিমন ও করিমনের চলাচল ঠেকাতে লাঠি হাতে বিভিন্ন স্থানে পাহারা বসিয়েছেন। শ্রমিক সংঘর্ষ এড়াতে মেহেরপুর শহর, গাংনী ও মুজিবনগর উপজেলায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। ধর্মঘটের কারণে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কয়েক মাইল পথ হেঁটে বা বিকল্প কোনো পন্থায় মেহেরপুর জেলার সীমানা পেরিয়ে বাসে উঠতে হচ্ছে যাত্রীদের। যাত্রী তসলিমা খাতুন জানান, তিনি আট মাইল হেঁটে বাসে উঠেছেন। তাঁর প্রশ্ন, ‘আর কত দিন বাসশ্রমিক-মালিকদের কাছে যাত্রীরা এভাবে জিম্মি হয়ে থাকবে?’ গত শুক্রবার ধর্মঘট শুরুর দিন নসিমন, করিমন চলাচলে বাধা দেওয়ায় মেহেরপুরের আমঝুপি, গাংনী ও বামুন্দী এলাকায় বাসশ্রমিকদের সঙ্গে নসিমনশ্রমিকদের সংঘর্ষ হয়।জেলা বাস মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তাঁরা রাস্তায় অবৈধ যান চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছেন। সরকারের পক্ষ থেকে কয়েক দফা প্রতিশ্রুতি দেওয়ার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় তাঁরা অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু করেছেন। আমঝুপি গ্রামের নসিমনচালক আব্বাস আলী বলেন, নসিমন চলাচল বন্ধ করলে জেলার কয়েক হাজার পরিবার বেকার হয়ে পড়বে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিহাদ হোসেন জানান, পুলিশ উভয় পরিবহন মালিক-শ্রমিকদের নিয়ে বৈঠক করে দ্রুত বাস চলাচল চালু করার সর্বাত্মক উদ্যোগ নিয়েছে।এদিকে বাস ধর্মঘটের কারণে কাঁচামাল ব্যবসায়ীদের পণ্য আনা-নেওয়া বন্ধ হয়ে গেছে। এতে ব্যবসায়ী ও চাষিরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। মেহেরপুরের বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নূর হোসেন জানান, অবিলম্বে বাস ধর্মঘট প্রত্যাহার না হলে লাখ লাখ টাকার সবজি পচে চাষি ও ব্যবসায়ীরা লোকসানে পড়বেন।মেহেরপুরের জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম জানান, তিনি গতকাল বেলা ১১টায় তাঁর সম্মেলন কক্ষে বাসশ্রমিক ও মালিকদের উপস্থিত হতে বলেছিলেন। কিন্তু তাঁরা আসেননি। গতকাল বিকেলে তাঁদের নিয়ে দ্বিতীয় দফা আলোচনা করে ধর্মঘট প্রত্যাহারের উদ্যোগ নেওয়ার কথা।