মেহেরপুরে নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর
মেহেরপুরের গাংনী উপজেলায় আজ রোববার পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়েছে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক আহত হন। পরে স্থানীয় নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালায় অবরোধকারীরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, অবরোধকারীরা সকালে গাংনীর মেহেরপুর-কুষ্টিয়া সড়ক অবরোধ করে সেখানে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। সকাল নয়টার দিকে পুলিশ ও বিজিবির সদস্যরা তাদের ছত্রভঙ্গ করতে গেলে অবরোধকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ককটেল ছোড়ে। তখন পুলিশও কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছোড়ে।
এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অবরোধকারীরা গাংনী উপজেলা শহরের তিন দিক থেকে হামলা চালায়। তারা উপজেলা আওয়ামী লীগের অফিস ও উপজেলা নির্বাচন অফিসে ককটেল হামলা ও ভাঙচুর চালায়। একই সময় গাংনী আওয়ামী লীগের নেতা মজিরুল ইসলামের বাড়িতে ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলের আঘাতে মোহনা টেলিভিশনের আবু আক্তার এবং বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জুলফিকার আলী কানন আহত হয়েছেন।
মেহেরপুরের সহকারী পুলিশ সুপার আবদুল জলিল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। তবে গুলিতে কেউ আহত হয়নি। গাংনীতে মেহেরপুর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।