মেহেরপুরে নির্বাচনের দাবিতে কুশপুতুল দাহ

মেহেরপুর পৌরসভার নির্বাচনের দাবিতে এবার পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ ওরফে মতু ও সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলামের কুশপুতুল দাহ করলেন যুবলীগের নেতা-কর্মীরা। প্রথম পর্যায়ে ঘোষিত তফসিলে মেহেরপুর পৌরসভা বাদ পড়ার পেছনে এই দুজনের সম্পৃক্ততার অভিযোগ তুলে এ প্রতিবাদ জানান তাঁরা।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় মেহেরপুর পৌর ভবনের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। একই দাবিতে গত রোববার সচেতন পৌরবাসীর ব্যানারে বিক্ষোভ সমাবেশ করে যুবলীগ।
শহরের কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে যুবলীগের নেতা-কর্মীরা সচেতন পৌরবাসীর ব্যানারে পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগসংবলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। তাঁদের হাতে দুটি কুশপুতুল ছিল। বিক্ষোভ শেষে পৌরসভা ভবনের প্রধান ফটকের সামনে কুশপুতুল দুটিতে অগ্নিসংযোগ করে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।
সচেতন পৌরবাসীর ব্যানারে আয়োজিত বিক্ষোভ চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, সারা দেশে পৌর নির্বাচনের উৎসব চললেও বঞ্চিত মেহেরপুর পৌরবাসী। সীমানাসংক্রান্ত জটিলতা দেখিয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। কিন্তু এসব করে ক্ষমতায় টিকে থাকা যাবে না।
শহিদুল ইসলাম আরও বলেন, আগামী ২৩ জানুয়ারি বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহর ক্ষমতার মেয়াদ শেষ হচ্ছে। ২৩ তারিখের পরে তিনি যদি পৌরসভায় প্রবেশ করেন, তা হলে দাঁতভাঙা জবাব দেবেন পৌরবাসী।
সেখানে উপস্থিত ছিলেন জেলা সৈনিক লীগের যুগ্ম আহ্বায়ক আতিক স্বপন ও জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব হোসেন ওরফে ডালিম।
পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি চান দ্রুত মামলা নিষ্পত্তির পর পৌর নির্বাচন হোক। আনারুল ইসলামও অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর ইউনিয়নের এলাকা অযৌক্তিকভাবে পৌরসভায় অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে তিনি ওই রিট আবেদন করেছেন।