মেহেরপুরে পাঁচ মাসে ১৬ জনখুন
মেহেরপুর জেলায় একের পর এক খুনের ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। রাজনৈতিক ও ব্যক্তিগত দ্বন্দ্ব, জমি নিয়ে বিরোধ, এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা কারণে গত পাঁচ মাসে জেলায় ১৬টি খুনের ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গত বছর একই সময়ে জেলায় নয়জন খুন হয়।
নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগ, পুলিশ অধিকাংশ খুনের রহস্য উদ্ঘাটন ও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি। তবে পুলিশের দাবি, অধিকাংশ খুনের রহস্য উদ্ঘাটন করা হয়েছে ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার গাংনী উপজেলার কাজীপুর কাচারীপাড়ায় রফিকুল ইসলাম তাঁর মা জবেদা খাতুনকে (৫৮) পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার একই উপজেলার কাজীপুর মাঠপাড়া এলাকায় বিএনপির কর্মী কাজিম উদ্দিন (৬৪) খুন হন। রাজনৈতিক বিষয় নিয়ে তর্কাতর্কির জের ধরে আওয়ামী লীগের কর্মী শরিফুল ইসলাম তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে ২৫ মে গাংনী উপজেলার শিমুলতলার বিএনপির কর্মী রুস্তুম আলী (৪৫) ও মিনাপাড়ার আওয়ামী লীগের কর্মী মামুন (২৮) খুন হন। ১৯ মে শহরের ফৌজদারীপাড়া একটি বাগান থেকে মালা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। ১৯ মে সন্ত্রাসীদের গুলিতে সদর উপজেলা বিএনপির সহসভাপতি শমসের আলী (৪০) খুন হন। ১২ মে গাংনীর খাসমহল এলাকা থেকে এই তরুণীর লাশ উদ্ধার করা হয়। ৯ মে মুজিবনগরের ঢোলমারী মাঠ থেকে অজ্ঞাতনামা এক তরুণের লাশ উদ্ধার করা হয়। ৫ মে শহর যুবলীগের সদস্য নাকরাম আলী (৩৫) নিজ দলের কর্মীদের হাতে খুন হন। লিচুবাগানের কর্তৃত্ব নিয়ে বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৩০ এপ্রিল পারিবারিক বিরোধের জের ধরে খুন হন গাংনী সাহারবাটি গ্রামের রুহুল আমিন (৪০)। ৪ এপ্রিল গাংনী হাড়িয়াদাহ মাঠ থেকে অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করা হয়।
গত ২১ মার্চ মুজিবনগর উপজেলা বিএনপির সহসভাপতি হেলাল উদ্দিন (৪৯) ও তাঁর কলেজপড়ুয়া মেয়ে সিতুকে সন্ত্রাসীরা হত্যা করে। পরিবারের অভিযোগ, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নির্বাচন কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ জানুয়ারি গাংনী ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী রোকাইয়া আক্তারের (২০) লাশ তাঁর বাড়ির পাশের একটি মাঠে পাওয়া যায়। ১৬ জানুয়ারি চোর সন্দেহে গণপিটুনিতে গাংনী করমদী গ্রামের মন্টু শেখ (৩৪) নিহত হন।
মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, বিরোধী দলের কর্মসূচি সামাল দিতে গিয়েই দিন শেষ হয়ে যায়। তাই আসামি ধরার সময় পাওয়া যায় না। মুজিবনগর থানার ওসি রবিউল ইসলাম জানান, রাজনৈতিক চাপ ও পলাতক থাকায় এসব ঘটনায় হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করা যাচ্ছে না।
গাংনী থানার ওসি আলমগীর হোসেন জানান, কাজিম উদ্দিন জবেদা খাতুনকে হত্যার ঘটনায় দুটি মামলা হয়েছে। মামলার আসামিদের এখনো গ্রেপ্তার করা যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, অধিকাংশ খুনের পেছনেই রাজনৈতিক দ্বন্দ্ব, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার ঘটনা ছিল। রাজনৈতিক হত্যাকাণ্ডে ভাড়াটে খুনি ও চরমপন্থীদের ব্যবহার করা হচ্ছে। এসব ঘটনায় হওয়া মামলাগুলোর তদন্তকাজ চূড়ান্ত পর্যায়ে। অচিরেই সব আসামিকে গ্রেপ্তার করা হবে।