মেহেরপুরে পিকনিক বাস-নছিমন সংঘর্ষ, নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগর গ্রামের নতুনপাড়া এলাকায় পিকনিকের বাস ও ইঞ্জিন চালিত নছিমনের সংঘর্ষে যুবলীগের চার কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও আটজন।

ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে মেহেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে¿আনেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সাতটার দিকে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের নতুনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের আনিছুর রহমান (৪০), নাজমুল হোসেন (৩৫), টুকু মিয়া (২৮) ও তুফান হোসেন (৩৫)। নিহতেরা সবাই নসিমনের যাত্রী। তারা মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন গ্রাম থেকে আজ বিকেলে জেলা শহরের বাগোয়ান গ্রামের বাসিন্দারা শহরে আসেন। অনুষ্ঠান শেষে নছিমনযোগে সন্ধ্যার দিকে তারা বাড়ি ফিরছিলেন। পথে মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগর গ্রামের নতুনপাড়া এলাকায় পৌঁছালে মুজিবনগর থেকে ফেরা পিকনিকের একটি বাসের (কৌশিক পরিবহন) সঙ্গে সংঘর্ষ হয়। পিকনিকের বাসটি পাবনা যাচ্ছিল। ঘটনাস্থলেই একজন মারা যায়। গুরুতর আহতদের মধ্যে ১১ জনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয় স্থানীয়রা। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাপস কুমার প্রথম আলোকে বলেন, চিকিৎসাধীনদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে দুর্ঘটনার পর পরই উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বাসটি ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। তবে পালিয়ে রক্ষা পায় বাসের যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভায়।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান প্রথম আলোকে বলেন, নিহতেরা বাগোয়ান গ্রামের যুবলীগ কর্মী।
রাত সোয়া আটটার দিকে মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম মোবাইলে প্রথম আলোকে বলেন, বাস দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে তিনজন মারা গেছেন। লাশ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পোড়া বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।