মেহেরপুরে পুলিশ-জামায়াত গুলিবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরে পুলিশের সঙ্গে জামায়াতকর্মীদের সংঘর্ষ হয়। ছবি: তুহিন আরন্য, মেহেরপুর
মেহেরপুরে পুলিশের সঙ্গে জামায়াতকর্মীদের সংঘর্ষ হয়। ছবি: তুহিন আরন্য, মেহেরপুর

জামায়াতের ডাকা হরতালের প্রথম দিন আজ মঙ্গলবার সকালে মেহেরপুরের সদর উপজেলার রাজনগরে জামায়াতের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। তবে একপর‌্যায়ে পুলিশ সেখান থেকে পিছু হটে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সদর উপজেলার রাজনগরে জামায়াতের কর্মীরা মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ক অবরোধ করেন। পুলিশ অবরোধ সরাতে গেলে জামায়াতকর্মীরা তাদের লক্ষ্য করে গুলি ও ককটেল ছোড়েন। পুলিশও পাল্টা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, জামায়াতের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও গুলি ছুড়লে পুলিশও ২৫টি গুলি ও নয়টি  কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। জামায়াতের কর্মীদের সহিংস ভূমিকার কারণে পুলিশ পিছু হটে। পুলিশের সংখ্যা বাড়িয়ে আবার সেখানে অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান। জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির তাহাজ উদ্দিনের দাবি, জামায়াতের কর্মীরা শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি পালন করছিলেন। পুলিশ তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়লে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। তাঁর অভিযোগ, জামায়াতের কর্মসূচির মধ্যে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা ঢুকে পুলিশকে লক্ষ্য করে গুলি-ককটেল ছোড়েন। মেহেরপুরের পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলার বাইরে থেকে অতিরিক্ত পুলিশ তলব করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাংনী উপজেলার গাড়াডোব সড়কে সকালে শত শত জামায়াতকর্মী জড়ো হয়ে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক অবরোধ করেন।

সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন জামায়াতের কর্মীরা। ছবি: তুহিন আরন্য, মেহেরপুর
সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন জামায়াতের কর্মীরা। ছবি: তুহিন আরন্য, মেহেরপুর

র‌্যাব ও পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে যায়। এ সময় দুই জামায়াতকর্মীকে আটক করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে গাংনী থানার ওসি মাসুদুর রহমানসহ পুলিশের ১০ জন সদস্য আহত হন।

গাংনী থানার ওসি মাসুদুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৩টি কাঁদানে গ্যাসের সেল ও শর্টগানের ৪৭টি গুলি ছোড়ে।  র‌্যাবও বন্দুকের নয়টি গুলি ছোড়ে। জামায়াতের কর্মীরা র‌্যাব-পুলিশকে লক্ষ্য করে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ দুই জামায়াতকর্মীকে আটক করে।