মেহেরপুরে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার নুরপুর মোড়ে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের কোপে মোস্তাফিজুর রহমান (৫০) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায় এ ঘটনা ঘটে।
কনস্টেবল মোস্তাফিজুর রহমান মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর পুলিশ ক্যাম্পে কর্মরত। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে। তাঁরা হলেন সদর উপজেলার নুরপুর গ্রামের হবিবর রহমান ও পিরোজপুর গ্রামের রফিকুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, ছুটিতে বাগেরহাটের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য মোস্তাফিজুর রহমান পরিবারের সদস্যদের নিয়ে কোমরপুর থেকে ইজিবাইকে করে চাঁদবিলে যাচ্ছিলেন। সেখান থেকে তাঁদের খুলনাগামী বাসে চড়ার কথা ছিল। নুরপুর মোড়ে পৌঁছালে কয়েকজন সশস্ত্র ছিনতাইকারী ইজিবাইকটির গতিরোধ করে তাঁদের কাছে টাকা, মুঠোফোনসহ জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ায় তারা মোস্তাফিজকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে ঊরুতে কোপ দেয়। ছিনতাইকারীরা পালিয়ে গেলে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মেহেরপুর সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।