মেহেরপুরে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
মেহেরপুর শহরে এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এলাকাবাসী গতকাল মঙ্গলবার পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করেছে। অভিযোগের ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে এসপির আশ্বাসের পর বিক্ষোভকারীরা শান্ত হয়। এলাকাবাসীর অভিযোগ, শহরের হঠাৎপাড়া এলাকার একটি বাড়িতে দীর্ঘদিন যৌনকর্মীদের দিয়ে অসামাজিক ব্যবসা চালানো হচ্ছিল। বিষয়টি এসআই নজরুল ইসলামকে জানানো হয়। কিন্তু এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তিনি নিজেই ওই বাড়িতে নিয়মিত যাতায়াত শুরু করেন। ফলে পুলিশের ছত্রচ্ছায়ায় ওই বাড়িতে অসামাজিক কার্যকলাপ অব্যাহত থাকে। স্থানীয় লোকজন বিষয়টির প্রতিবাদ করলে তাদের দেখে নেওয়ার হুমকি দেন নজরুল। এর প্রতিবাদে গতকাল বিকেলে এসপির কার্যালয় ঘেরাও করা হয়।এ ব্যাপারে এসআই নজরুল ইসলাম বলেন, তিনি চেষ্টা করেও ওই অসামাজিক ব্যবসা বন্ধ করতে পারেননি। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।এসপি মির্জা আবদুল্লাহেল বাকী বলেন, নজরুলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।