মেহেরপুরে পেট্রল পাম্পে ছাত্রলীগ নেতার হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে শহর ছাত্রলীগের এক নেতা ও তাঁর বাবা আরও কয়েকজন যুবক নিয়ে শহরের উপকণ্ঠে একটি পেট্রলপাম্পে হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় পাম্পের ক্যাশবাক্স থেকে আড়াই লাখ টাকাও ছিনতাই হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার মামলা হলেও রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। মামলার বাদী জোহা ফিলিং স্টেশনের মালিক কামরুল ইসলাম জানান, বাসমালিক মহব্বত মিয়া এবং তিনি গত সোমবার বিকেলে ফিলিং স্টেশনের কাউন্টারে বসে কথা বলছিলেন। তখন ছাত্রলীগের জাহিদ ভেতরে ঢুকে মহব্বত মিয়ার কাছ থেকে কাঠ কেনার বকেয়া টাকা দাবি করেন। এ নিয়ে দুজনের বাগিবতণ্ডার একপর্যায়ে জাহিদ গালাগাল শুরু করেন। কামরুল ইসলাম এর প্রতিবাদ করলে যুবকটি তাঁকেও গালাগাল করতে থাকেন। তখন তিনি যুবকটিকে চড় মারেন।কিছুক্ষণ পর জাহিদ শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পোলেন, তাঁর বাবা মনিসহ ছয়-সাতজন নিয়ে মোটরসাইকেলযোগে ফিলিং স্টেশনে এসে হামলা চালান। তাঁরা কামরুল ইসলাম ও স্টেশনের এক কর্মীকে মারধর করেন। হামলাকারীরা ফিলিং স্টেশনের ক্যাশবাক্স থেকে আড়াই লাখ টাকা লুট করেন। মেহেরপুর সদর থানার ওসি জহুরুল আলম জানান, এ ঘটনায় পোলেন ও তাঁর বাবাসহ ছয়-সাতজনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।শহর ছাত্রলীগের সভাপতি জশিউর রহমান বলেন, ছাত্রলীগ কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। তিনিও ফিলিং স্টেশনে হামলায় জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন।