মেহেরপুরে পৌরসভার মার্কেট নির্মাণে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর শহরের পরিত্যক্ত হাসপাতাল ভবন ভেঙে পৌরসভার মার্কেট নির্মাণের কাজ গতকাল রোববার বন্ধ করে দিয়েছে প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশে ম্যাজিস্ট্রেট অবিদিও মার্ডি বেলা ১১টায় পুলিশ নিয়ে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ এবং ব্যবসায়ীরা পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে।পৌর মেয়র মুতাছিম বিল্লাহ জানান, এই সম্পত্তি নিয়ে মামলায় পৌরসভার পক্ষে উচ্চ আদালতের রায় আছে। অথচ সেই রায় অমান্য করে পৌরসভার উন্নয়নকাজে বাধা সৃষ্টি করা হয়েছে। আর জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম বলেন, সম্পত্তিটি সরকারি। এই সম্পত্তি নিয়ে জেলা জজ আদালতে সরকার একটি মামলা করেছে। তা সত্ত্বেও সেখানে পৌরসভা মার্কেট নির্মাণ শুরু করায় প্রশাসন কাজ বন্ধ করে দিয়েছে। আর উচ্চ আদালতের রায় সম্পর্কে তিনি কিছু জানেন না।স্থানীয় আওয়ামী লীগ সরকারি সম্পত্তিতে অবৈধভাবে মার্কেট নির্মাণের বিরুদ্ধে এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে গতকাল বিকেলে শহীদ শামসুজ্জোহা পার্কে সমাবেশ করে। মেহেরপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল জানান, পৌরসভার জায়গায় প্রশাসন মার্কেট নির্মাণে বাধা দিয়ে ব্যবসায়ীদের স্বার্থ ক্ষুণ্ন করেছে। এর প্রতিবাদে মেহেরপুর বড়বাজার, হোটেল বাজার ব্যবসায়ী, ফড়িয়া ও তহাবাজার সমিতি এবং মাছ ব্যবসায়ী নেতাদের নিয়ে আজ (গতকাল) দুপুরে যৌথ সভা হয়েছে। সভায় পৌরসভার উন্নয়নকাজে প্রশাসনের অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে ব্যবসায়ীরা বিক্ষোভ, মানববন্ধন ও হরতাল কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। জেলা আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক আবদুল মান্নান জানান, আওয়ামী লীগ উন্নয়নের পক্ষে। তবে সরকারি সম্পত্তি দখল করে নয়। তাই তাঁরা মার্কেট নির্মাণের বিরুদ্ধে কর্মসূচি দেবেন। পৌর কর্তৃপক্ষের দাবি, সম্পত্তিটি তাঁদের। ১৮৭০ সালের দিকে এখানে পৌর-দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করা হয়। একপর্যায়ে সেখানে গড়ে ওঠে সরকারি হাসপাতাল। এখন হাসপাতাল অন্যত্র স্থানান্তর হওয়ায় পৌরসভা নিজস্ব সম্পত্তি আবার দখলে নিয়েছে।