মেহেরপুরে প্যানেল মেয়র হত্যার বিচার দাবিতে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে বোমা হামলায় নিহত মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান রিপনের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার শহরে মৌন মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। পৌর পরিষদ ও কর্মকর্তা-কর্মচারী এবং মেহেরপুর জাগ্রত তরুণ সংঘ এসব কর্মসূচি পালন করে।উল্লেখ্য, গত ১ এপ্রিল রাতে শহরের রাজধানী শপিং সেন্টারে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামরুল ইসলামের সঙ্গে গল্প করছিলেন মিজানুর রহমান। এ সময় সন্ত্রাসীরা তাঁদের ওপর বোমা হামলা চালায়। এতে মিজানুর ও কামরুলসহ দোকানের দুই কর্মচারী আহত হন। গত ৮ এপ্রিল মিজানুর মারা যান।মিজানুর হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল সকালে মেহেরপুর পৌর পরিষদ ও কর্মকর্তা-কর্মচারীরা যৌথভাবে শহরে মৌন মিছিল বের করেন। পরে তাঁরা জেলা প্রশাসক বেনজামিন হেমব্রমের কাছে স্মারকলিপি দেন। একই সময় একই দাবিতে মৌন মিছিল বের করে জাগ্রত তরুণ সংঘ। মিছিলের সামনে ছিল নিহত মিজানুরের সন্তান রোজা ও রিয়াদ এবং বোন আন্নি। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করে। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ হয়।সমাবেশে বক্তারা বলেন, আগামী ১৮ এপ্রিলের মধ্যে মিজানুর হত্যার রহস্য উদ্ঘাটন এবং দোষীদের গ্রেপ্তারে পুলিশ ব্যর্থ হলে যুব সমাজ শহর অচল করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি দেবে। সমাবেশ শেষে মিজানুর হত্যার বিচার চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, মৃত্যুর আগে মিজানুরের জবানবন্দিতে মেয়র, যুবলীগ ও আওয়ামী লীগের দুজন নেতার নাম উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, পুলিশ শিগগিরই বোমা হামলার রহস্য উদ্ঘাটন ও অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হবে।মেহেরপুর-১ আসনের সাংসদ জেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন বলেন, বোমা হামলার সঙ্গে চার প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকতে পারে বলে মৃত্যুর আগে দেওয়া জবানবন্দিতে বলেছিল মিজানুর। কিন্তু দলের ভাবমূর্তি রক্ষা ও দলকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে আওয়ামী লীগের শীর্ষ দুই নেতার নাম মামলা থেকে বাদ দেওয়া হয়েছে।