মেহেরপুরে ফের পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটোবাইকচালক ও বাসশ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের জের ধরে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মেহেরপুর জেলা মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন। এদিকে দুই পক্ষ গতকাল একই সময়ে মেহেরপুর শামসুজ্জোহা পার্কে সভা আহ্বান করায় জেলা প্রশাসন সভাস্থল ও তার আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করে।জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল কুদ্দুস জানান, অটোবাইকচালকদের পথসভায় বাসশ্রমিকদের বিরুদ্ধে কটূক্তি করায় ও জেলা প্রশাসনের প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় তাঁরা দ্বিতীয়বারের মতো অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট শুরু করেছেন। জেলা অটোবাইকচালক সমিতির সম্পাদক আল মামুন জানান, বাসশ্রমিকেরা পরিবহন সেক্টরকে জিম্মি করতে দীর্ঘদিন ধরেই অটোবাইক চলাচলে বাধা সৃষ্টি করে আসছিলেন।জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম জানান, বাসশ্রমিকদের হটকারি সিদ্ধান্তের কারণে এই ধর্মঘট। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, অটোবাইকে যাত্রীবহনে বাসশ্রমিকেরা বাধা দেওয়ায় এই উত্তেজনা শুরু হয়।