মেহেরপুরে বজ্রপাতে নিহত ২
মেহেরপুরে আজ শনিবার আলাদা দুটি বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে সাতজন। সদর উপজেলার তেরঘড়িয়া বিল ও শহরের উপকণ্ঠে ব্র্যাকের জেলা কার্যালয়ের পূর্বদিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার ফতেহপুর গ্রামের শফিকুল ইসলাম (৪৫) ও শহরের বামনপাড়ার মন্টু শেখ (২৫)।
শফিকুলের ভাই আনছারুল হক জানান, বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা দুই ভাইসহ আটজন তেরঘড়িয়া মত্স্য বিলের উত্তরে একটি জমিতে ধান কাটছিলেন। এ সময় বজ্রপাত হলে পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শফিকুল মারা যান।
বজ্রপাতের অপর ঘটনা সম্পর্কে আহত রেজাউল হক জানান, একই সয়ে তিনি ও মন্টু শেখ ব্র্যাক কার্যালয়ের কাছে একটি কলাবাগানে কলার কাঁদি কাটছিলেন। বজ্রপাতে তাঁরা দুজনই আহত হন। মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে মন্টু মারা যান।
মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সা কর্মকর্তা সাইদ আরেফিন জানান, বজ্রপাতে হতাহত ব্যক্তিদের শরীর কম-বেশি ঝলসে গেছে। দুজন হাসপাতালে মারা গেছেন। আহত বাকি সাতজনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।